বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোমেনুর রহমান মীম তালুকদারের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সোমবার মহাষ্টমীর রাতে তিনি ইউনিয়নের সাতটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রতিটি মণ্ডপে নগদ অর্থ সহায়তা দেন তিনি।
মোমেনুর রহমান মীম তালুকদার আদমদীঘি উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং একজন ব্যবসায়ী। সোমবার সন্ধ্যার পর পূজা মণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে ছাতিয়ানগ্রাম বাজার সংলগ্ন পূজা মণ্ডপে পৌঁছালে সেখানে স্থানীয় বাসিন্দা ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমাগম ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, মোমেনুর রহমান মীম তালুকদার পূজা মন্ডপে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে প্রায় ২০০ থেকে ২৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় শত শত মানুষের সমাগম হয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোমেনুর রহমান মীম তালুকদার বলেন, “জনগণের এমন ভালোবাসায় আমি আনন্দিত। সৃষ্টিকর্তা আমাকে সম্মান দান করলে আমি অবশ্যই এই অঞ্চলের কল্যাণে কাজ করে যাব। পঞ্চাশের দশক থেকে আমার পূর্বপুরুষেরা এই ইউনিয়ন ও এলাকার মানুষের সেবা করে আসছেন। আমার দাদা, বাবা ও চাচারা একাধিকবার এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই জনগণ ও দলের নেতাকর্মীরা আমার প্রতি পূর্ণ আস্থা রাখেন বলে আমি মনে করি।”এ সময় উপস্থিত উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে ছিলেন আদমদীঘি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কে এম মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. নুরুজ্জামান শামীম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কোরবান আলী, সান্তাহার পৌর যুবদলের ১ নম্বর সদস্য আব্দুস সবুর, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তামিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রতন, যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি হ্যাপী, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়ন, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মীম, সোহেল ও আবিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পরে মোমেনুর রহমান মীম তালুকদার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাতটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
রাকিবুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
























