দেশের দীর্ঘতম বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব এবার ধারণ করা হয়েছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত আটটার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি। প্রচলিত ধারা অনুযায়ী এবারও পর্বটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত নিজেই।
নব্বইয়ের দশক থেকে স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অনুষ্ঠানটি ধারণ করার রীতি চালু আছে। এই ধারাবাহিকতায় দেশের স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা তুলে ধরতে এবার বেছে নেওয়া হয় নদীবেষ্টিত লক্ষ্মীপুরকে। জেলার সদর উপজেলার প্রায় একশ বছরের পুরোনো দালাল বাজার জমিদারবাড়ি–সংলগ্ন নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের মাঠে তৈরি করা হয় মঞ্চ। ধারণের দিন এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ; দুপুর গড়াতেই দর্শকের ঢল নামে, নির্ধারিত সময়ের বেশ আগেই ভরে ওঠে পুরো আয়োজনস্থল। শুধু সদর উপজেলা নয়, আশপাশের উপজেলা ও জেলা থেকেও নানা বয়স ও পেশার মানুষ যোগ দেন সেখানে।
এবারের পর্বে থাকছে লক্ষ্মীপুরের শিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের কণ্ঠে দুটি বিশেষ গান, লিখেছেন কবির বকুল ও সুর করেছেন আকাশ মাহমুদ। এ ছাড়া রীতি মেনে থাকছে জেলার পরিচয়বাহী নৃত্যগীত, যাতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।
দর্শকপর্বে লক্ষ্মীপুর নিয়ে প্রশ্নোত্তরের ভিত্তিতে বাছাই করা চারজনকে সুযোগ দেওয়া হয় জেলার কৃতী সন্তান, বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে অভিনয়ে অংশ নেওয়ার। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের সাক্ষাৎকার, যেখানে তিনি নিজের পর্বত অভিযানের অভিজ্ঞতা ও ‘ইত্যাদি’ নিয়ে অনুভূতি ভাগাভাগি করেছেন।
চিরাচরিত ধারা মেনে থাকছে বেশ কিছু তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদনও। এর মধ্যে রয়েছে লক্ষ্মীপুরের সয়াবিনখেত, নারকেল-সুপারিবাগান ও ঐতিহাসিক স্থাপনা নিয়ে একটি প্রতিবেদন, একটি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক শিক্ষামূলক প্রতিবেদন এবং নদীভাঙনে জীবিকা হারানো এক মাঝির সংগ্রামী জীবনের গল্প। বিদেশি প্রতিবেদনে দেখানো হবে অস্ট্রেলিয়ার বিখ্যাত উপকূলীয় সড়ক ‘গ্রেট ওশান রোড’-এর ইতিহাস।
থাকছে কাশেম টিভির রিপোর্টার-নাতির রসাত্মক কথোপকথন, নিয়মিত চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক সামাজিক বিষয় নিয়ে একাধিক ব্যঙ্গাত্মক নাট্যাংশ, যেখানে অভিনয় করেছেন আবদুল আজিজ, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকাসহ আরও অনেক পরিচিত মুখ।
শিরোনাম :
লক্ষ্মীপুরে ধারণ হলো হানিফ সংকেতের ‘ইত্যাদি’
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০২:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- 27
ট্যাগস
ইত্যাদি ঈদ ম্যাগাজিন শো দিলারা জামান নিশাত মজুমদার বাংলাদেশ টেলিভিশন বিটিভি অনুষ্ঠান লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ধারণ হলো হানিফ সংকেতের ‘ইত্যাদি’ হানিফ সংকেত
জনপ্রিয় সংবাদ


























