আগামী মঙ্গলবার রাজধানী ঢাকায় বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ওই দিন সকাল দশটায় তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসি জানায়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গোলাপি রঙে সাজানো এসব বাসে চালক ও কন্ডাক্টর—দুই দায়িত্বই পালন করবেন নারীরা। উদ্বোধনের পর নির্ধারিত রুটে নিয়মিত চলাচল করবে এই বাসগুলো, যাতে নারী যাত্রীরা স্বস্তি নিয়ে যাতায়াত করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
রাজধানীর গণপরিবহনে নারীদের প্রতিদিনের ভোগান্তি দীর্ঘদিনের এক পুরনো চিত্র। গাদাগাদি ভিড়ের মধ্যে নিরাপত্তাহীনতা আর অস্বস্তির অভিজ্ঞতা নিয়েই প্রতিদিন কর্মস্থলে বা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয় হাজারো নারীকে। এমন বাস্তবতায় নারী চালিত এই বিশেষ বাস সার্ভিস কতটা স্বস্তি এনে দেয়, তা এখন দেখার বিষয়।
বিআরটিসি বলছে, এই উদ্যোগ কেবল যাতায়াতের সুবিধা তৈরি করবে না, একই সঙ্গে পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর একটি দৃষ্টান্তও স্থাপন করবে। আগামী দিনে আরও রুটে এই সেবা সম্প্রসারিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় একটি নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলমান বার্তা ডেস্ক : 




















