সংসদে গঠিত সংবিধান সংশোধনের বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ১১-দলীয় ঐক্য। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, গণভোটে অনুমোদিত সংস্কার সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সাম্প্রতিক গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে জুলাই জাতীয় সনদে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছেন। এই রায়কে সম্মান জানানো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান।
গোলাম পরওয়ারের ভাষ্যে, একই ব্যক্তি সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হতে পারলেও দুই প্রতিষ্ঠানের আইনি ভিত্তি, ক্ষমতার উৎস ও কার্যপরিধি ভিন্ন—তাই সংসদীয় কমিটির মাধ্যমে বিকল্প প্রক্রিয়া তৈরির উদ্যোগ জোটের কাছে গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরা হয়—১) গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন; ২) জুলাই সনদে অন্তর্ভুক্ত ও গণভোটে অনুমোদিত সংস্কার কার্যকর করা; ৩) সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে বর্তমান উদ্যোগ প্রত্যাখ্যান; ৪) নির্বাচিত প্রতিনিধিদের সংস্কার পরিষদের সদস্য করে পরিষদ কার্যকর করা; ৫) গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে একতরফা সাংবিধানিক পরিবর্তন থেকে বিরত থাকা; ৬) জনমত ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া।
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায়কে সম্মান জানানোই বর্তমান মতপার্থক্য নিরসনের গণতান্ত্রিক পথ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ জোটের অন্য নেতারা।
শিরোনাম :
সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৩:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ




















