শিরোনাম :
৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি
-
নুরুল আমিন, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০২:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- 6
কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে তাকে দলীয় পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার এলাকায় আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আফজাল হোসেন হাতিয়া ইউনিয়ন বিএনপির চার নম্বর যুগ্ম আহ্বায়ক। কুড়িগ্রাম জেলা ডিবির ওসি মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে রোববার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে আফজালকে দলীয় পদসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়িত হলে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় অন্য কেউ সম্পৃক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

























