আমদানিতে ৮৭, খুচরায় ৫০০: মাল্টার দামে পাঁচ গুণ ব্যবধান
দক্ষিণ আফ্রিকা ও মিসর থেকে আমদানি করা মাল্টার কেজি পড়ছে প্রায় ৮৭ টাকা। অথচ চট্টগ্রামের খুচরা বাজারে সেই মাল্টা বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫২০ টাকা কেজি দরে। অর্থাৎ আমদানি মূল্যের তুলনায় ভোক্তাকে দিতে হচ্ছে পাঁচ গুণেরও বেশি।
বাংলাদেশ কাস্টমসের হিসাবে, মাল্টার ওপর মোট শুল্ক-কর ১২১ দশমিক ৭৮ শতাংশ। এর ফলে ৮৭ টাকার মাল্টায় প্রায় ১০৭ টাকা শুল্ক-কর দিতে হয়। বন্দর থেকে পণ্য খালাসের সময়ই প্রতি কেজির খরচ দাঁড়ায় প্রায় ১৯৩ থেকে ১৯৪ টাকা। এর সঙ্গে যোগ হয় পরিবহন, বন্দর ও কনটেইনারসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ।
সাম্প্রতিক সময়ে বাজারে মাল্টার সরবরাহ কমেছে। এর মধ্যে ডেঙ্গুর প্রকোপে চাহিদা বেড়েছে। এ কারণে পাইকারি ও খুচরা, দুই পর্যায়েই দাম আরও চড়েছে।
ব্যবসায়ীদের দাবি, নতুন চালান এলে সরবরাহ বাড়বে এবং তখন দাম কিছুটা কমতে পারে। তবে আমদানি পর্যায়ের উচ্চ শুল্ক-কর এবং চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতার কারণে আপাতত ভোক্তাকে বাড়তি দামই দিতে হচ্ছে।
চলমান বার্তা ডেস্ক : 















