লিভারের অসুখ বলতে এখন সবার আগে ফ্যাটি লিভারের নামই উঠে আসে। কিন্তু যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণার বরাতে বলা হচ্ছে, ফ্যাটি লিভার আসলে বড় একটি অসুখের আগাম সংকেত। সেই অসুখের নাম ন্যাশ, পুরো কথায় নন-অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। মদ্যপানের সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই।
ফ্যাটি লিভার থেকে ন্যাশ
লিভারে অতিরিক্ত চর্বি জমাকে ফ্যাটি লিভার বলা হয়। এটি রোগের প্রাথমিক ধাপ। এই অবস্থা দীর্ঘদিন চললে পরের ধাপে লিভারের কোষে মারাত্মক প্রদাহ তৈরি হয়। প্রদাহের এই পর্যায়কেই ন্যাশ বলা হচ্ছে।
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, লিভারের কোষ যতটা চর্বি ধারণ করতে পারে, তার চেয়ে বেশি জমলে কোষের ভেতরের মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ শক্তি উৎপাদনকারী অংশ, অতিরিক্ত কাজ করতে বাধ্য হয়। এতে কোষে ‘ফ্রি র্যাডিকাল’ বাড়ে এবং প্রদাহ তৈরি হয়।
প্রদাহ বেড়ে গেলে শরীরের প্রতিরোধব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ফ্রি র্যাডিকাল তৈরি করা কোষগুলোকে নষ্ট করতে গিয়ে সুস্থ কোষও ক্ষতিগ্রস্ত হয়। ধাপে ধাপে লিভারের কাজ করার ক্ষমতা কমতে থাকে। গবেষকদের মতে, এই পর্যায়েই ন্যাশের সূচনা।
পরিণতি কতটা গুরুতর
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোগ আরও এগোলে লিভারের নরম কোষ শক্ত হয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ফাইব্রোসিস বলে। এর পরের ধাপ সিরোসিস, অর্থাৎ লিভারে ক্ষত তৈরি হওয়া। গবেষকেরা বলছেন, এই অবস্থা লিভার ক্যানসারের প্রাথমিক ধাপ হতে পারে। ন্যাশ যত দ্রুত লিভারকে আক্রান্ত করবে, ক্যানসারের ঝুঁকিও তত দ্রুত বাড়বে।
লক্ষণ বোঝা কঠিন
ন্যাশের কোনো স্পষ্ট লক্ষণ বোঝা যায় না। কারণ লিভারে ব্যথা অনুভব করার মতো সংবেদনশীল স্নায়ু নেই। ফলে লিভারে কতটা চর্বি জমেছে কিংবা রোগ ন্যাশের পর্যায়ে পৌঁছেছে কি না, তা বোঝার সহজ উপায় নেই। তাই গবেষকেরা সচেতনতার ওপরই বেশি জোর দিচ্ছেন।
ফ্যাটি লিভার হলেই যে ন্যাশ হবে, এমন নয়। লিভারে চর্বি জমা নিয়ন্ত্রণে থাকলে রোগটি ওই পর্যায়ে নাও পৌঁছাতে পারে। তবে এই নিয়ন্ত্রণ রাখা সহজ নয় বলে মনে করছেন গবেষকেরা।
কারা বেশি ঝুঁকিতে
প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা সারা দিন ডেস্কে বসে কাজ করেন, যাঁদের হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম কম, যাঁরা বেশি ভাজাভুজি ও জাঙ্ক ফুড খান কিংবা যাঁদের ঘুম কম হয়, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।
এ ছাড়া আগে থেকে হৃদ্রোগ, অ্যাসিড রিফ্লাক্স, স্থূলত্ব, ডায়াবেটিস বা মেটাবলিক সিনড্রোম থাকলে এবং জীবনযাত্রায় নিয়ম না মানলে আশঙ্কা অনেকটাই বেশি বলে জানিয়েছেন গবেষকেরা।
শিরোনাম :
ফ্যাটি লিভার আসল রোগ নয়, চুপিসারে বাড়ছে ন্যাশের ঝুঁকি
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১২:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- 3
জনপ্রিয় সংবাদ


























