নথিপত্র ছাড়া ও অনিয়মিত পথে ইউরোপে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এঁদের মধ্যে ৪০ জন গ্রিস থেকে এবং চারজন সাইপ্রাস থেকে এসেছেন। বুধবার সকাল সোয়া নয়টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। কাজটিতে সহযোগিতা করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্ক। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসাদের মধ্যে একজন নারীও আছেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে চলা প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিমানবন্দরেই তাঁদের খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে পরে দেওয়া হবে অর্থনৈতিক সহায়তা।
শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে ঢোকার ক্ষেত্রে বাংলাদেশিরা এত দিন শীর্ষে ছিলেন। এ বছরের তথ্য অনুযায়ী, একই পথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও তাঁরা প্রথম। সমুদ্রপথের এই যাত্রায় প্রায়ই প্রাণহানি ঘটছে। তাঁর ভাষ্য, ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ক্রমেই কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতিতে অনিয়মিত পথে আসা মানুষকে দ্রুত ফেরত পাঠানো হচ্ছে, প্রত্যাখ্যান করা হচ্ছে আশ্রয়ের আবেদনও। ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচের পরও শেষ পর্যন্ত হাতে কিছু থাকছে না। এই ভুল ধারণা ভাঙার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, এবার ফেরত আসাদের একজন টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপ যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহ দিয়েছিলেন। বিদেশগামীদের তাই আরও সচেতন হওয়া দরকার। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জন করে বৈধ পথে যাওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।
২০১৭ সালে বাংলাদেশ সরকার ইউরোপের দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি সই করে। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। উল্লেখযোগ্যসংখ্যক ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে। গত কয়েক বছরে সবচেয়ে বেশি ফেরত এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে।
শরিফুল হাসান জানান, দেশে ফেরার পর বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়, পরে অর্থনৈতিক সহায়তায় তাঁদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়। ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে সারা দেশে চলছে সচেতনতামূলক কার্যক্রম। অন্যদিকে ইউরোপও বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















