পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম মানুষের নাগালে রাখতে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ১০টি পণ্য সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানি করা যাবে। অর্থাৎ পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারকেরা মূল্য পরিশোধ করতে পারবেন।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
কোন কোন পণ্য আমদানি করা যাবে
নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে ব্যবসায়ীরা এসব পণ্য আনতে পারবেন।
সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখার লক্ষ্যেই বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়েছে। ফলে আমদানির সময় পুরো মূল্য পরিশোধ করতে হবে না। সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তা মেটানো যাবে।
কেন্দ্রীয় ব্যাংক যা বলছে
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ। তাঁর ভাষ্য, আমদানিকারকেরা যেন আগেভাগে পণ্য আনার উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দিতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা চাই না রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক। সাধারণ মানুষ যেন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে জন্যই মূলত এই সার্কুলার জারি করা হয়েছে। আমদানিকারকেরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।’
আরিফ হোসেন খান আরও বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই আমদানির সুযোগ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পণ্য আনা গেলে বাজারে ঘাটতি হবে না, মূল্যবৃদ্ধির চাপও কমবে।
আগের সার্কুলারের সঙ্গে সম্পর্ক
সার্কুলারে উল্লেখ আছে, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে সেই সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। এ বিষয়ে আগের সার্কুলারের অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নতুন নির্দেশনার কথা তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের জানিয়ে দিতে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















