কর্মমুখী শিক্ষা চাই, গোষ্ঠীদ্বন্দ্ব নয়—অধ্যক্ষদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
শিক্ষাঙ্গনকে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব আর ব্যক্তিস্বার্থের সংঘাত থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সামনে তিনি এ কথা বলেন।
শনিবার সকালে রাজধানীর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষার মান, শিক্ষকের প্রশিক্ষণ, শিল্প খাতের সঙ্গে সংযোগ, বহুভাষা শিক্ষা, পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। সম্মিলনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই আয়োজন করা হয়।
মতভেদ থাকুক, বিঘ্ন নয়
বক্তব্যের শুরুতেই শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকা স্বাভাবিক। কিন্তু সেই ভিন্নতা যেন পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তায় আঘাত না হানে, সে ব্যাপারে শিক্ষকদের সজাগ থাকতে হবে। কলেজগুলোকে অপ্রয়োজনীয় বিরোধের বাইরে রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
অধ্যক্ষের ভূমিকাকে তিনি দেখেছেন বড় পরিসরে। প্রধানমন্ত্রীর ভাষ্য, অধ্যক্ষ কেবল প্রশাসনিক প্রধান নন। তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক পথপ্রদর্শক এবং আগামী প্রজন্ম গড়ার অন্যতম কারিগর। তাঁর মেধা, বিচক্ষণতা, সিদ্ধান্ত ও দূরদর্শিতার ওপর একটি প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকখানি নির্ভর করে।
অতীতের কথা, আত্মসমালোচনার তাগিদ
বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রসঙ্গও আসে। প্রধানমন্ত্রী জানান, শহর ও গ্রামের মানুষের কাছে উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখন অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার।
তবে সংখ্যা বাড়লেই মান বাড়ে না, সেদিকেও ইঙ্গিত করেন তিনি। কলেজ ও শিক্ষার্থী বেড়েছে ঠিকই, কিন্তু শিক্ষার গুণগত মান কতটা এগিয়েছে, তা নিয়ে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বিগত সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে একসঙ্গে শিক্ষাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়তে হবে। সরকার এ জন্য পরিকল্পনা ও পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। তবে সেসব বাস্তবায়নে অধ্যক্ষদেরই নেতৃত্ব দিতে হবে।
প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তি
প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়তে শিক্ষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর পরামর্শ, শিক্ষককেন্দ্রিক পাঠদানের জায়গায় শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পদ্ধতি চালু করা দরকার। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ ধরনের কর্মসূচি কাজে আসতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি।
একটি সতর্কবার্তাও দেন প্রধানমন্ত্রী। শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারলে প্রতিবছর সনদধারীর সংখ্যা বাড়বে, অথচ বেকারত্ব কমবে না। একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি দক্ষতার ঘাটতিকে তিনি শিক্ষিত বেকারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ সামলাতে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি কর্মজগতের চেহারা বদলে দিচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এতে একদিকে কিছু পুরোনো পেশা হারিয়ে যাচ্ছে, অন্যদিকে নতুন কাজের ক্ষেত্রও তৈরি হচ্ছে।
শিল্প খাতের সঙ্গে সেতুবন্ধ
প্রধানমন্ত্রীর ভাবনায় শ্রেণিকক্ষ ও কারখানার দূরত্ব ঘোচানো জরুরি। তাঁর কথায়, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত গড়ে দেবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপ দেবে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি ভেবে দেখতে বলেন তিনি। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতিও আহ্বান জানান।
শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক অভিজ্ঞতা পেলে স্নাতকেরা চাকরির আশায় বসে থাকবেন না, বরং নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রযুক্তির পাশে মানবিকতা
যান্ত্রিক দক্ষতাই শেষ কথা নয়, সে কথাও মনে করিয়ে দেন তিনি। আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে আটকে রাখা চলবে না। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণ বিকশিত করার সুযোগ তৈরি করতে হবে।
আন্তর্জাতিক চাহিদার কথা মাথায় রেখে বহুভাষা শেখার সুযোগ বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মান ভাষা শেখার ব্যবস্থার কথা তিনি উল্লেখ করেন। ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাড়ানোর আহ্বানও ছিল তাঁর বক্তব্যে।
শিক্ষক সংকট থেকে সৌরবিদ্যুৎ
শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায়ও সরকার সচেতন বলে জানান প্রধানমন্ত্রী। কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের দক্ষতা বাড়ানোর কাজ সমন্বিতভাবে করতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে বলেন তিনি।
নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যেসব কলেজের ছাদে জায়গা আছে, সেখানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত। শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা ও বৃক্ষরোপণ জোরদার করার আহ্বানও জানান তিনি। তাঁর তথ্যমতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ পর্যন্ত প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে।
আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রতিটি কলেজকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে বলেন তিনি।
বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশের স্বপ্নের কথা বলেন, যা জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্যও কামনা করেন তিনি।
অনুষ্ঠানের আদ্যোপান্ত
সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়, যেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি ‘দুর্যোগ থেকে স্বস্তি’ শিরোনামের একটি অ্যাপভিত্তিক তথ্যচিত্র প্রকাশ করা হয়। দুর্যোগ ও ভূমিকম্পকালীন সতর্কতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর, যাতায়াত ও স্বাস্থ্যবিষয়ক তথ্য এতে তুলে ধরা হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়ছেন, যা দেশের উচ্চশিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ। এই সম্মিলনের লক্ষ্য কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানো, শিক্ষার মান উন্নত করা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। বক্তব্য দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
এস কে চন্দন, ঢাকা 





















