কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে কর্তব্যরত এক সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে রোগীর স্বজনকে গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় হাসপাতালের হটলাইনে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তাকে ধাক্কা দেওয়া, গালিগালাজ এবং তাঁর মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত করার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতালের সেবার পরিবেশ ও দায়িত্বশীল কর্মীদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযুক্ত নার্সের নাম আরজুয়ারা। অন্যদিকে, অভিযোগকারী ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাজু ভাই’ নামে পরিচিত চর নারায়ণপুরের মোঃ তাজু মিয়া।
গত ২৮ অক্টোবর বুধবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পরদিন ২৯ অক্টোবর বৃহস্পতিবার তাজু হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে। তবে পরবর্তী সময়ে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার তাজুর বাবা গুরুতর অসুস্থ হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তা পেতে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁর নির্দেশনা অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরে জমা দেওয়ার জন্য রোগীর প্রেসক্রিপশনের ফটোকপি করেন।
তাজুর অভিযোগ, প্রেসক্রিপশনের মূল কপি ফটোকপি করার বিষয়টি নিয়ে ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স আরজুয়ারা তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টা এবং পুলিশে দেওয়া ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর তাজু হাসপাতালের অফিশিয়াল হটলাইনে ফোন করে সহায়তা চান। পরে হটলাইনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেন।
এরশাদুল হকের অভিযোগ, তিনি ওয়ার্ডে পৌঁছানোর পর সংশ্লিষ্ট নার্স তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি তাঁকে দালালি করতে এসেছেন বলেও কটূক্তি করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনার প্রমাণ সংরক্ষণের জন্য মোবাইল ফোনে ছবি ধারণের চেষ্টা করলে তাঁর হাত থেকে ফোন ছিটকে ফেলে দেওয়া হয়। এতে ফোনটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাঁকেও ধাক্কা দিয়ে লাঞ্ছিত করা হয়।
তবে মোবাইল ফোনটি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাজু জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত নার্সের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি লিখিত অভিযোগ করেছিলেন। তবে পরে রাতে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে বলে তাঁকে জানানো হয়। তাঁর দাবি, সমাধানের সময় তাঁকে বাইরে রাখা হয়েছিল।
অন্যদিকে, অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স আরজুয়ারা বলেন, “তাজু ভাইয়ের সঙ্গে এ নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে সমাধান করে নিয়েছি।”
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ বলেন, তাঁর কাছে অভিযোগ এসেছিল। পরে তিনি শুনেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই বসে বিষয়টি সমাধান করে নিয়েছেন।
তবে অভিযোগের সত্যতা যাচাই, মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের কোনো ফলাফল জানা যায়নি।
প্রশ্ন উঠেছে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আচরণ কেমন হওয়া উচিত এবং এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা হবে কি না।
স্টাফ রিপোর্টার 




















