ফেসবুকে কনের সাজের একটি রিলস প্রকাশ করে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা। নিজের অফিশিয়াল পেজে দেওয়া ভিডিওটি দুই দিনের মধ্যে ২২ লাখের বেশি বার দেখা হয়েছে।
ভিডিওতে ঐতিহ্যবাহী ও রাজকীয় ঢঙের কনের সাজে দেখা গেছে তাঁকে। দৃশ্যপটে ছিল লাল পর্দা আর ঝলমলে ঝাড়বাতি। কোনো ফ্রেমে তিনি ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়েছেন, কোনো ফ্রেমে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসছেন।
ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, “কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।”
সর্বশেষ হিসাবে রিলসটিতে প্রতিক্রিয়া জমা পড়েছে ৮৭ হাজারের বেশি, মন্তব্য এসেছে প্রায় ২ হাজার ২০০। মন্তব্যের ঘরে অনেকে তাঁর সাজ, মুখের অভিব্যক্তি ও ভিডিওর দৃশ্যায়নের প্রশংসা করেছেন।
বড় ও ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও জীবনযাপন নিয়েও আলোচনায় থাকেন পূর্ণিমা। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তিনি তুলনামূলক অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। ফটোশুট ও বিশেষ লুকের ভিডিও দিয়ে নিয়মিত ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি।
বিনোদন ডেস্ক : 


























