এমএলএস কাপের প্লে-অফের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি। শনিবার (২১ নভেম্বর) বেস্ট-অব-থ্রি সিরিজের প্রথম লেগে সপ্তম বাছাই কলাম্বাস ক্রু ৩-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দলকে। ফলে সিরিজে কঠিন অবস্থানে পড়ে গেছে গতবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। বক্সের ভেতরে মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার ফাউল করলে পেনাল্টি পায় কলাম্বাস। সেখান থেকে গোল করেন তাপিয়া। ৩৬তম মিনিটে গনজালো লুজান লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জনে খেলতে হয় মায়ামিকে।
বিরতির পর চাপ আরও বাড়ে। ৫২তম মিনিটে ব্যবধান ২-০ করেন হারব্রোনে। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন তাপিয়া, এতে মায়ামির ফিরে আসার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।
মেসি গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু কলাম্বাসের গোলরক্ষক শুলটে তাঁকে বারবার ঠেকিয়ে দেন। প্রথমার্ধেই তিনি চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন। ২৩তম মিনিটে কাছ থেকে নেওয়া মেসির শট এবং ৩১তম মিনিটে তাঁর ফ্রি-কিক দুটিই রুখে দেন তিনি। ম্যাচের শেষ দিকে তাপিয়ার মুখের পাশে বল মেরে হলুদ কার্ড দেখেন মেসি। মাঠ ছাড়ার সময় মায়ামির খেলোয়াড়দের উদ্দেশে দর্শকদের দুয়ো দিতেও শোনা গেছে।
দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার (২৭ নভেম্বর) কলাম্বাসের মাঠে। সেখানে হারলে প্লে-অফ থেকে বিদায় নেবে মায়ামি। জিতলে সিরিজ গড়াবে তৃতীয় ও নির্ণায়ক ম্যাচে।
ম্যাচের আগে অবশ্য ব্যক্তিগত অর্জনে আলোচনায় ছিলেন মেসি। ক্লাবের অন্যতম মালিক জর্জ মাসের হাত থেকে তিনি গোল্ডেন বুট গ্রহণ করেন। টানা দ্বিতীয় মৌসুমে তিনি এমএলএসের সর্বোচ্চ গোলদাতা। লিগের ইতিহাসে টানা দুই মৌসুম এই পুরস্কার জেতা প্রথম খেলোয়াড় তিনি। রেগুলার সিজনে তাঁর গোল ২৬টি, সহায়তা ১৭টি। একাধিকবার গোল্ডেন বুট জেতা খেলোয়াড়দের মধ্যে তিনি ষষ্ঠ। টানা তৃতীয়বারের মতো এমএলএসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় (এমভিপি) হওয়ার দৌড়েও আছেন তিনি।
ক্রীড়া ডেস্ক : 




















