দেশে শ্রমিক আন্দোলন, ইউরোপে রাজনৈতিক অস্থিরতা আর যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি, তিন দিক থেকেই চাপের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমছে, কমছে নতুন রপ্তানি আদেশ, সেই সঙ্গে পণ্যের দামও।
কয়েক সপ্তাহ ধরে চলা অসন্তোষে কারখানার উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। আদেশ দেওয়ার পর সময়মতো পণ্য হাতে পাওয়া যাবে কি না, তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিদেশি ক্রেতারা। রপ্তানিকারকেরা বলছেন, চার দশকের ইতিহাসে দেশের ভেতরে ও বাইরে একসঙ্গে এমন সংকটে খুব কমই পড়তে হয়েছে এই খাতকে।
গত জুন থেকে জ্বালানি সংকটে ভুগছিল খাতটি। সেই সংকট কাটতে না কাটতেই মজুরি বাড়ানোর দাবিতে শুরু হয় শ্রমিক আন্দোলন। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এই তৈরি পোশাকশিল্প।
পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘আমরা চরম সংকটকাল পার করছি।’ তাঁর মতে, দেশের ভেতরে ও বাইরের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রপ্তানি আয়, বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর আঁচ লাগতে পারে পোশাক খাতসংশ্লিষ্ট অন্যান্য শিল্প, ব্যাংক-বীমা ও সেবা খাতেও।
ক্রেতাদের উদ্বেগ, কমেছে রপ্তানি আদেশ
উৎপাদন ব্যাহত হওয়ায় ক্রেতাদের প্রতিনিধিরা ফোন ও ইমেইলসহ নানা মাধ্যমে নিয়মিত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ২১ দিনে এসেছে ৪১ কোটি ডলারের রপ্তানি আদেশ। বর্তমান গতি বজায় থাকলে বাকি ৯ দিনে আরও ১৩ কোটি ডলারের আদেশ আসতে পারে বলে ধারণা রপ্তানিকারকদের। গত বছরের নভেম্বরে আদেশ এসেছিল ২৪১ কোটি ডলারের। অর্থাৎ এক বছরের ব্যবধানে আদেশ কম এসেছে ১৮৭ কোটি ডলার।
আদেশ কমার কারণ নিয়ে কথা বলেছেন কয়েকজন উদ্যোক্তা। মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ কবীর বলেন, দেশের শ্রমিক অসন্তোষের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতাও কিছুটা দায়ী।
নিজের কারখানার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সাভারের কারখানাটিতে একটি ইতালীয় ব্র্যান্ডের এক লাখ পিস প্যান্ট তৈরির কাজ চলছিল। কারখানাটি মহল্লার শেষ প্রান্তে হওয়ায় প্রথম দুই দিন শ্রমিকেরা কাজ করেছিলেন। পরে বাইরের লোকজনের চাপে তাঁরা আর কাজ চালিয়ে যেতে পারেননি। ফলে অন্তত ১০ দিন উৎপাদন বন্ধ ছিল। এখন কোনো দিন আধা বেলা, কোনো দিন পুরো বেলা কাজ হয়; আবার কোনো দিন একেবারেই হয় না।
পরিস্থিতির কারণে ক্রেতার কাছ থেকে ১০ দিন বাড়তি সময় নিয়েছেন মাসুদ কবীর। এর মধ্যে পণ্য তৈরি করে বন্দরে পাঠানো না গেলে কী হবে, তা নিয়ে তিনি শঙ্কিত। তাঁর আশঙ্কা, ক্রেতা দাম কমিয়ে দিতে পারেন, মূল্য পরিশোধে দেরি করতে পারেন, এমনকি আদেশ বাতিলও করতে পারেন।
ঝুঁকিতে সবচেয়ে বেশি ছোট কারখানা
বিজিএমইএ থেকে নিয়মিত আমদানি-রপ্তানি–সংক্রান্ত সেবা নেয়, এমন কারখানা ১ হাজার ৯০১টি। এর মধ্যে বছরে এক কোটি ডলারের কম রপ্তানি করে ১ হাজার ৭৮টি কারখানা, যা মোট সংখ্যার প্রায় ৫৭ শতাংশ। অথচ মোট রপ্তানি আয়ে এসব কারখানার অবদান ৮ দশমিক ৫ শতাংশ। যেকোনো সংকটে সবার আগে নাজুক অবস্থায় পড়ে এই কারখানাগুলোই।
এক কোটি থেকে আড়াই কোটি ডলার রপ্তানি করা কারখানা ৪০২টি, তাদের অবদান ১৮ দশমিক ৬ শতাংশ। বছরে ১০ কোটি ডলারের বেশি রপ্তানি করে মাত্র ৬৭টি বড় কারখানা; মোট রপ্তানিতে তাদের অংশ ২৭ দশমিক ২ শতাংশ। আর ২৪২টি কারখানা মিলে দিচ্ছে মোট রপ্তানির ২৪ শতাংশ, যা দ্বিতীয় সর্বোচ্চ। সংশ্লিষ্ট উদ্যোক্তাদের মতে, মজুরি বাড়লে বড় কারখানাগুলোর তেমন সমস্যা হবে না।
এক ছোট কারখানার মালিক জানান, তিনি মূলত ঠিকা আদেশের কাজ করেন এবং তাঁর কারখানায় প্রায়ই কাজ থাকে না। মজুরি অস্বাভাবিক বাড়লে ব্যবসা চালানো তাঁর পক্ষে সম্ভব হবে না।
তিন সপ্তাহের অস্থিরতা
ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানাগুলো মানের দিক থেকে এগিয়ে। এসব এলাকায় তিন সপ্তাহ ধরে অসন্তোষ চলছে। হাজিরা দিয়ে কাজ না করে কারখানা ছেড়ে বেরিয়ে যাওয়া, সড়কে বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজিএমইএ সূত্র বলছে, এ কারণে গত তিন সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৪০০টি কারখানায় উৎপাদন বন্ধ থাকছে।
মাসুদ কবীরের দাবি, ভালো মানের কারখানাগুলোকেই লক্ষ্য করা হচ্ছে। তাঁর ভাষ্য, নারায়ণগঞ্জে অসন্তোষ ছিল মাত্র দুই দিন, চট্টগ্রামের কোনো কারখানায় আন্দোলন নেই, অথচ ভালো কারখানাগুলোতে মজুরির দাবিতে তিন সপ্তাহ ধরে আন্দোলন চলছে।
সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, দেখে মনে হচ্ছে বিশৃঙ্খলা তৈরিই যেন আন্দোলনের উদ্দেশ্য। তাই এখন নতুন মজুরি ঘোষণা করা হলেও অসন্তোষ থামবে কি না, তা নিয়ে তাঁর সন্দেহ আছে।
টানা তিন মাস কমেছে রপ্তানি আয়
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পুরোনো ও হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসেই রপ্তানি আয় কমেছে। নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, শুরুর দিকে জ্বালানি সংকটই ছিল রপ্তানি কমার অন্যতম কারণ। এর সঙ্গে যোগ হয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি ও যুদ্ধ পরিস্থিতি, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। দুর্বল বাজারও রপ্তানি কমার কারণ বলে তিনি মনে করেন।
তাঁর ভাষ্য, শ্রমিক অসন্তোষের কারণে এখন রপ্তানি আদেশ ব্যাপকভাবে কমে গেছে, তাই আগামী কয়েক মাসেও রপ্তানি কমবে।
ইইউ ও যুক্তরাষ্ট্রে কমেছে রপ্তানি ও দাম
বাংলাদেশের পোশাকের প্রধান দুই গন্তব্য ২৭ দেশের জোট ইইউ ও যুক্তরাষ্ট্র। দুই বাজারেই রপ্তানি আয় এবং পণ্যের গড় একক মূল্য কমেছে।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ১১ দশমিক ৯১ শতাংশ কমে ১ হাজার ৩৪৮ কোটি ডলারে নেমেছে। প্রতিযোগী দেশগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ হ্রাস। একই সময়ে প্রতি কেজি পোশাকের গড় মূল্য কমে হয়েছে ১৩ দশমিক ৭০ ইউরো, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৫৪ শতাংশ কম। এই বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব ২১ দশমিক ১০ শতাংশ থেকে নেমেছে ১৯ দশমিক ৬ শতাংশে।
বাংলাদেশের রপ্তানি কমলেও চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগীরা তুলনামূলক ভালো অবস্থানে আছে। চীনের পোশাক রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ, আর ভিয়েতনামের পণ্যের গড় মূল্য বেড়েছে ৮ দশমিক ১৮ শতাংশ।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটেক্সা) তথ্য বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর, এই নয় মাসে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৪ দশমিক ৫৭ শতাংশ কমে ৬১৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে গড় একক মূল্য কমেছে শূন্য দশমিক ৯৫ শতাংশ।
এই পরিস্থিতিতে মালিক, শ্রমিক, ক্রেতা ও সরকার, সব পক্ষকেই আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। তাঁর বিশ্বাস, প্রত্যেকে নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করলে কিছুটা সময় লাগলেও সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
চলমান বার্তা ডেস্ক : 



















