ব্রুনাইয়ের বিভিন্ন খাতে ৩৭০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সরকারিভাবে এ নিয়োগের আবেদন চলবে ২৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি ২২ নভেম্বর এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রী, রং মিস্ত্রী, সাধারণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, ফোরম্যান, গাড়ির মেকানিক ও ড্রাইভারসহ নানা পদে লোক নেওয়া হবে।
আবেদনের নিয়ম
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৩ নভেম্বর সকাল ১০টায়। নির্ধারিত সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আগ্রহীদের বোয়েসেলের পোর্টাল https://www.oep.gov.bd/job-circulars-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ টাকা, সঙ্গে দিতে হবে সার্ভিস চার্জ। এই ফি ফেরতযোগ্য নয়।
কোথায় কত কর্মী
সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে কন্ট্রেক্টর জুসমিলারিয়া অ্যান্ড কেলুয়ার্গা কোম্পানিতে। সেখানে ফোরম্যান, নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, রং মিস্ত্রী ও প্লাম্বার পদে মোট ১১০ জনের নিয়োগ হবে, যাঁদের মধ্যে ৮০ জনই নির্মাণশ্রমিক।
এ ছাড়া সি-টেক এসডিএন বিএইচডি-তে ৩৬ জন নির্মাণশ্রমিক, সুজানা গুরু কন্ট্রাক্টর-এ ৫০ জন শ্রমিক, সহকারী শ্রমিক ও রাজমিস্ত্রী এবং দামুদা কনস্ট্রাকশন-এ ২৫ জন নির্মাণশ্রমিক নেওয়া হবে। সাধারণ শ্রমিক ও নির্মাণকর্মীর পাশাপাশি দক্ষ কারিগরি পেশাতেও কর্মী নেবে বিভিন্ন কোম্পানি।
মজুরি ও চুক্তির শর্ত
নিয়োগ পাওয়াদের অধিকাংশ পদে দৈনিক মজুরি ২০ ব্রুনাই ডলার। ইলেকট্রিশিয়ানের দৈনিক মজুরি ২২ ব্রুনাই ডলার। গাড়ির মেকানিক ও ড্রাইভারের মাসিক বেতন ধরা হয়েছে ৬৫০ ব্রুনাই ডলার।
কর্মীদের সঙ্গে দুই বছরের শ্রমচুক্তি হবে, যা নবায়নযোগ্য। কর্মঘণ্টা দৈনিক আট ঘণ্টা। আবাসন ও বিমান ভাড়ার ব্যয় বহন করবেন নিয়োগকর্তা, তবে খাবারের খরচ কর্মীকে নিজেই মেটাতে হবে। ওভারটাইম, চিকিৎসা, বীমা, ছুটিসহ অন্যান্য সুবিধা মিলবে ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী।
যোগ্যতা
পদভেদে প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে। কিছু পদে সীমা ২০ থেকে ৪৫ বছর। গাড়ির মেকানিক পদে ২৫ থেকে ৪০ বছর এবং দামুদা কনস্ট্রাকশনের নির্মাণশ্রমিক পদে ২১ থেকে ৩৩ বছর। শিক্ষাগত যোগ্যতা পদভেদে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক; কোনো কোনো পদে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদের নিয়োগকর্তা বিশেষ অগ্রাধিকার দিতে পারেন।
খরচ কত পড়বে
নিয়োগকর্তার চূড়ান্ত বাছাইয়ে নির্বাচিত এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ দিতে হবে। সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি ও আনুষঙ্গিক ব্যয়সহ দক্ষ কর্মীদের জন্য মোট ৮৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের জন্য ৪৬ হাজার ৮৫০ টাকা নির্ধারিত হয়েছে।
এই অর্থ সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ নামে পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। দূতাবাস নির্ধারিত ভিসা ফি এবং বাংলাদেশে মেডিকেল পরীক্ষার খরচও বহন করতে হবে কর্মীকে।
বাছাই প্রক্রিয়া
আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাইয়ের পর তা সংশ্লিষ্ট কোম্পানিতে পাঠানো হবে। নিয়োগকর্তা প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা তৈরি করবেন। এরপর চূড়ান্ত সাক্ষাৎকারের সময়সূচি জানানো হবে বোয়েসেলের পোর্টাল কিংবা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের (ওইপি) ০১৫৫২১৪৬৪৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে।
সাক্ষাৎকারে মূল পাসপোর্ট, ইংরেজিতে জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজ সঙ্গে আনতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, অনলাইনে আবেদন, সাক্ষাৎকারে অংশগ্রহণ বা চূড়ান্ত নির্বাচন—কোনোটিই চাকরির নিশ্চয়তা নয়। কর্মী বাছাইয়ে নিয়োগকর্তা বা তাঁর প্রতিনিধির সিদ্ধান্তই চূড়ান্ত।
প্রতারণা নিয়ে সতর্কতা
বোয়েসেল জানিয়েছে, ব্রুনাইয়ে কর্মী নিয়োগের জন্য তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই। প্রতিষ্ঠানটি নগদ অর্থও গ্রহণ করে না। তাই নিয়োগের নামে কাউকে নগদ টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাক্ষাৎকার ও নির্বাচিতদের তালিকা কেবল বোয়েসেলের ওয়েবসাইটের নোটিশ বোর্ড ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। নির্ধারিত পোর্টাল থেকেও এসএমএস পাঠানো হবে। অন্য কোনো নম্বর বা আইডি থেকে আসা বার্তা অনুসরণ না করতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বোয়েসেলের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমুন নাহার। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ঢাকার রমনার ৭১-৭২ ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ ভবনের (৯ম তলা) বোয়েসেল কার্যালয়ে।
সূত্র: বোয়েসেলের নিয়োগ বিজ্ঞপ্তি
চলমান বার্তা ডেস্ক : 

























