আট বছরের বিরতির পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দিচ্ছেন শ্রমিকেরা। শনিবার সকাল আটটা থেকে হবিগঞ্জের চার উপজেলার ২৬টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ৪৩টি পঞ্চায়েত ও একটি ভ্যালিতে মোট ভোটার ২১ হাজার ২১৭ জন। এর মধ্যে নারী ১১ হাজার ৬৮ জন, পুরুষ ১০ হাজার ১৪৯ জন। ভোটগ্রহণের জন্য ৮৫টি বুথ বসানো হয়েছে।
ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নেতৃত্ব বেছে নিতে দেশের পাঁচ জেলার চা-বাগানে ভোট হচ্ছে। সব মিলিয়ে ভোটার ১ লাখ ৪৮ জন। ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী লড়ছেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের নৃপেণ পাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়েও জেলার একাধিক প্রার্থী রয়েছেন।
নির্বাচন ঘিরে বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। দীর্ঘদিন পর পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়ে তাঁরা আগ্রহী। শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব তাঁদের দীর্ঘদিনের দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। দাবিগুলোর মধ্যে আছে মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, নিয়মিত পারিশ্রমিক, আবাসন এবং শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তার দায়িত্বে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, চুনারুঘাটসহ হবিগঞ্জের চার উপজেলার ২৬টি বাগানে নির্বাচন হচ্ছে। এসব বাগানের অধিকাংশ সীমান্তসংলগ্ন। তাই নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করা হয়েছে।
ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর ভোট হওয়ার কথা। কিন্তু নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা যায়নি। দীর্ঘ বিরতির পর এবার আবার নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন চা শ্রমিকেরা।
নিজস্ব প্রতিবেদক 





















