কেউ হারিয়েছেন ভাই, কেউ স্বামী, কেউ পরিবারের অন্য কোনো সদস্যকে। বছরের পর বছর অপেক্ষা করেও তাঁদের অনেকে জানতে পারেননি প্রিয়জনের শেষ পরিণতি। দীর্ঘ ৩৫ বছর পর শ্রীলঙ্কার একটি গণকবরে মানুষের কঙ্কাল পাওয়ার খবরে সেই পুরোনো ক্ষত আবার সামনে এসেছে।
গত মাসে দেশটির পূর্বাঞ্চলের কুরুক্কালমাদাম এলাকার একটি গণকবর থেকে কঙ্কাল উদ্ধার করেন আদালতের নিয়োগ করা প্রত্নতাত্ত্বিক দলের সদস্যরা। প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্কালগুলোতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে দেহাবশেষ কার, কীভাবে মৃত্যু হয়েছিল এবং কোন ঘটনার সঙ্গে এর যোগ রয়েছে, সেসব প্রশ্নের উত্তর এখনো নিশ্চিত নয়। পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
স্বজনেরা ধারণা করছেন, ১৯৯০ সালে তামিল বিদ্রোহী গোষ্ঠী এলটিটিইর হামলায় নিহত মুসলিমদের মরদেহ সেখানে থাকতে পারে। তাঁদের প্রত্যাশা, দেহাবশেষের পরিচয় শনাক্ত হলে কয়েক দশক ধরে অপেক্ষায় থাকা পরিবারগুলো অন্তত প্রিয়জনের শেষ পরিণতি জানতে পারবে।
যুদ্ধের প্রেক্ষাপট
শ্রীলঙ্কায় ১৯৮৩ সালে তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত শুরু হয়। প্রায় ২৬ বছর ধরে চলা এ যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হন। ২০০৯ সালে লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) পরাজয়ের মধ্য দিয়ে সংঘাতের অবসান ঘটে। এই দীর্ঘ সংঘাতে সরকারি বাহিনীর পাশাপাশি এলটিটিইর বিরুদ্ধেও বেসামরিক মানুষ হত্যার অভিযোগ রয়েছে।
১৯৯০ সালের ঘটনাগুলো
১৯৯০ সালের জুলাইয়ে কুরুক্কালমাদাম এলাকায় মুসলিমদের ওপর হামলা হয়। বিভিন্ন হিসাবে এতে ৬০ থেকে ১৫০ জন নিহত হয়ে থাকতে পারেন। নিহতদের অনেকের মরদেহের সন্ধান এখনো মেলেনি।
এর পরের মাস আগস্টে কাত্তানকুডি ও এরাভুর এলাকার দুটি মসজিদে হামলা চালায় এলটিটিই। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এসব হামলায় অন্তত ৩০০ মুসলিম নিহত হন। বহু পরিবার স্বজন হারায়। নিখোঁজদের পরিণতি নিয়ে নিশ্চিত তথ্য না মেলায় তাদের অপেক্ষা ও অনিশ্চয়তা দীর্ঘ হয়েছে।
একই বছরের অক্টোবরে উত্তরাঞ্চলে বসবাসকারী প্রায় ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় এলটিটিই। তাঁদের দুই দিন সময় দেওয়া হয়, সঙ্গে নেওয়ার অনুমতি মেলে শুধু পরনের কাপড়। ফলে বহু মানুষ ঘরবাড়ি, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে দেশের অন্য এলাকায় আশ্রয় নিতে বাধ্য হন। কয়েক দশক পরও তাঁদের অনেকে নিজ এলাকায় পুরোপুরি ফিরতে পারেননি।
ন্যায়বিচারের দাবি
বাড়িঘর ও সম্পদ হারানোর পাশাপাশি স্বজন হারানোর বেদনাও বহন করছে এসব পরিবার। দীর্ঘদিন ধরে তারা ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার চেয়ে আসছে।
শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ১৯৯০ সালে মুসলিমদের হত্যা ও জোরপূর্বক উচ্ছেদকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন। তিনি এসব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। নিখোঁজদের পরিচয় শনাক্ত করে পরিবারগুলোকে সত্য জানানোর ওপরও জোর দিয়েছেন তিনি।
একসময় দেশটির তামিল ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক ছিল। এলটিটিইর হামলা ও জোরপূর্বক উচ্ছেদে সেই সম্পর্কে গভীর ক্ষত তৈরি হয়। সময় গড়ালেও অনেক পরিবারের কাছে সেই বেদনা এখনো জীবন্ত। তাই কুরুক্কালমাদামের এই গণকবর শুধু একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয়, নিখোঁজ স্বজনদের খোঁজে থাকা পরিবারগুলোর কাছেও এর গুরুত্ব অনেক।
কঙ্কালগুলোর পরিচয় শনাক্ত হলে ১৯৯০ সালের হামলায় নিখোঁজদের পরিণতি নিয়ে নতুন তথ্য মিলতে পারে। আর সেই তথ্যই হয়তো দীর্ঘ অপেক্ষার পর পরিবারগুলোকে জানাবে প্রিয়জনের শেষ ঠিকানা।
সূত্র: আল-জাজিরা
চলমান বার্তা ডেস্ক : 





















