আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ। হাতে সময় আছে মাত্র দুই সপ্তাহ। অথচ চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি।
বাংলাদেশ একাধিকবার আলোচনা শুরুর উদ্যোগ চেয়েছে। সর্বশেষ ১৭ নভেম্বর দেশটির পানিসম্পদমন্ত্রী এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। তবে কারিগরি পর্যায়ের আলোচনার বাইরে নয়াদিল্লিকে খুব একটা তৎপর দেখা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে একটি বিশ্লেষণে বলা হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হতে দিলে প্রচলিত ধারণার বিপরীতে বাংলাদেশের চেয়ে ভারতের ক্ষতিই বেশি হতে পারে। বিশ্লেষণের লেখক এটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পানি চুক্তি হারানোর মতো গুরুতর কৌশলগত ভুল বলে মনে করেন। এই প্রতিবেদনের মতামতগুলো সেই বিশ্লেষণেরই।
বাংলাদেশের প্রয়োজন, তবু নিশ্চয়তা নেই
ভাটির দেশ হিসেবে বাংলাদেশ উজানে ভারতের পানি প্রত্যাহারের ঝুঁকিতে থাকে। শুষ্ক মৌসুমে এই ঝুঁকি আরও বাড়ে। তখন কৃষি, মৎস্য, নৌ চলাচল ও ভঙ্গুর বাস্তুতন্ত্র অনেকটাই গঙ্গার পানির ওপর নির্ভর করে। তাই চুক্তিটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে প্রয়োজনীয়।
তবে নবায়ন হলেই বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে বেশি পানি পাবে, এমন নিশ্চয়তা নেই। উজানে পানি প্রত্যাহার, বাড়তি চাহিদা ও জলবায়ু পরিবর্তনের কারণে নদীটির স্বাভাবিক প্রবাহের ধরনই বদলে গেছে। বিশ্লেষণে বলা হয়েছে, ফারাক্কায় যে পানি নেই, উদার বণ্টনসূত্র দিয়েও তা তৈরি করা যায় না।
১৯৯৬ সালের চুক্তি
ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে এই চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ফারাক্কা বাঁধ নিয়ে বছরের পর বছর চলা তিক্ত বিরোধের অবসান হয়। কলকাতা বন্দরের নাব্যতা ধরে রাখতে হুগলি নদীর দিকে পানি সরিয়ে নিতেই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিল যে এতে ভাটির অঞ্চলে পরিবেশ ও অর্থনীতির মারাত্মক ক্ষতি হচ্ছে।
চুক্তিতে ছিল একটি ভিন্নধর্মী কৌশল। সে সময়ের নদীপ্রবাহ নিয়ে মতভেদে আলোচনা আটকে না রেখে দুই সরকার ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পানিপ্রবাহের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে একটি বণ্টনসূত্র মেনে নেয়। চুক্তিতে জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর পানি ভাগ করার ব্যবস্থা রাখা হয়।
তবে সব পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ন্যূনতম পানিপ্রবাহের নিশ্চয়তা চুক্তিতে ছিল না। পুরো অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত হয়নি।
তিন দশক পর চুক্তির ভিত্তিগত অনুমানগুলো ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। সেচব্যবস্থার সম্প্রসারণ, শিল্প খাতের চাহিদা ও উজানে পানি প্রত্যাহার নদীটির ওপর চাপ বাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন ও হিমালয় অঞ্চলের পানিপ্রবাহের বৈশিষ্ট্যও বদলাচ্ছে। ফলে বিভিন্ন মৌসুমে পানির প্রাপ্যতা আগের চেয়ে কম অনুমানযোগ্য। বিশ্লেষণের ভাষ্য, অতীতের তথ্য ভবিষ্যৎ সরবরাহের নিশ্চয়তা দিতে পারে না।
ভারতের স্বার্থ কোথায়
বিশ্লেষণে বলা হয়েছে, ভারত কিছু অতিরিক্ত পানি নিজের জন্য রেখে যে সুবিধা পেতে পারে, তার চেয়ে মূল্যবান কিছু হারানোর ঝুঁকিতে রয়েছে। সেটি হলো সহযোগিতার মাধ্যমে পাওয়া অর্থনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত সুবিধা।
লেখকের দাবি, অক্সফামের জন্য সাজিদ করিমের সঙ্গে যৌথভাবে করা একটি গবেষণায় তিনি হিসাব করেছেন, পর্যাপ্ত সহযোগিতার অভাবে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার দেশগুলোর সম্মিলিত ক্ষতি প্রতিবছর অন্তত ১৪ দশমিক ২ বিলিয়ন ডলার। এটি লেখকের নিজস্ব হিসাব; স্বাধীনভাবে যাচাই করা হয়নি। অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে এই ব্যর্থতা কাটানোর সঙ্গে ভারতের বড় স্বার্থ জড়িত বলে তিনি মনে করেন।
তাঁর মতে, এসব অববাহিকায় সমন্বিত জলবিদ্যুৎ উৎপাদন, সেচ, বন্যা ব্যবস্থাপনা, নৌ চলাচল, পরিবেশ পুনরুদ্ধার ও আঞ্চলিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের নৌপথ, বন্দর ও পরিবহন নেটওয়ার্ক ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক পরিণতি
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। হাসিনার ভারতে অবস্থান, সংখ্যালঘু ও অভিবাসনসংক্রান্ত অভিযোগ, বাণিজ্য বিধিনিষেধ এবং পারস্পরিক সন্দেহ নিয়ে মতবিরোধ সম্পর্ককে চাপে ফেলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বৈদেশিক অংশীদারত্বে বৈচিত্র্য আনতে চাইছে। ঢাকার কূটনৈতিক সিদ্ধান্তে ভারতের মোদি সরকার ক্রমেই অস্বস্তিতে পড়ছে বলে মনে হচ্ছে।
বিশ্লেষণ অনুযায়ী, রাজনৈতিক মতপার্থক্য থেকে জরুরি সহযোগিতার বিষয়কে আলাদা রাখা যায় কি না, গঙ্গা চুক্তি সেই পরীক্ষা নেবে। চুক্তিকে দ্বিপক্ষীয় উত্তেজনার জিম্মি করলে এমন ধারণা জোরালো হতে পারে যে ভারত উজানের দেশ হিসেবে ভৌগোলিক সুবিধা ব্যবহার করছে।
লেখক মনে করিয়ে দিয়েছেন, ১৯৯৬ সালের আগে বাংলাদেশ বিষয়টি বারবার আন্তর্জাতিক পর্যায়ে তুলেছিল, এমনকি জাতিসংঘেও। মেয়াদ শেষ হলে ঢাকা অভিন্ন নদীর ন্যায়সংগত ব্যবহারের নীতি তুলে ধরে আবার আন্তর্জাতিক সমর্থন চাইতে পারে। তারেক রহমান সরকারের জন্য এর অভ্যন্তরীণ রাজনৈতিক আবেদনও থাকবে। কারণ পানিসংকটে উদাসীন বা ভারতের সিদ্ধান্তের কাছে নতি স্বীকারকারী হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগ বাংলাদেশের কোনো নেতার নেই।
চীন ফ্যাক্টর
তিব্বতের ইয়ারলাং সাংপো নদী ভারতের অরুণাচল ও আসামে ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীতে চীনের বিদ্যমান ও পরিকল্পিত বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পানির প্রাপ্যতা, পলিপ্রবাহ, পরিবেশগত প্রভাব ও প্রবাহসংক্রান্ত তথ্যের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ আছে।
লেখকের প্রশ্ন, ভাটির দেশ বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করে নয়াদিল্লি কতটা বিশ্বাসযোগ্যভাবে বেইজিংয়ের কাছে উজানের দেশের দায়িত্বশীল আচরণ দাবি করতে পারে? তাঁর মতে, যৌথ পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা ও সমন্বিত কূটনীতি দুই দেশের দর-কষাকষির অবস্থান শক্তিশালী করবে। গঙ্গায় সহযোগিতা ভেঙে পড়লে সেই আস্থাই ক্ষতিগ্রস্ত হবে। পানির নিরাপত্তায় ভারতের অনীহা ঢাকার জন্য নয়াদিল্লির ওপর অতিনির্ভরতার বিপক্ষে যুক্তিও জোগাতে পারে।
আন্তর্জাতিক ভাবমূর্তি
বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিচুক্তি স্থগিত রেখেছে। যুদ্ধ ও কয়েক দশকের বৈরিতার মধ্যেও টিকে থাকা চুক্তি স্থগিত হওয়ায় আন্তর্জাতিক পানি সহযোগিতায় ভারতের অঙ্গীকার নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বাসযোগ্য বিকল্প ছাড়া গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হলে সেই উদ্বেগ আরও বাড়বে। দুই চুক্তির আইনি ও রাজনৈতিক পটভূমি আলাদা হলেও, লেখকের মতে, ভারত অভিন্ন নদীর প্রাতিষ্ঠানিক অঙ্গীকার রক্ষায় অনিচ্ছুক বলে ধারণা তৈরি হতে পারে।
অভ্যন্তরীণ উদ্বেগ ও সামনের পথ
ভারতের অভ্যন্তরীণ উদ্বেগও আছে। হুগলি নদী ও কলকাতা বন্দরের জন্য পশ্চিমবঙ্গের পানি প্রয়োজন। পলি জমা ও ফারাক্কার প্রভাব নিয়ে বিহারও প্রশ্ন তুলছে। তবে লেখকের মতে, কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক জটিলতা কূটনৈতিক অচলাবস্থার যুক্তি হতে পারে না। বাংলাদেশেরও স্বীকার করা উচিত, শুধু ১৯৯৬ সালের বণ্টনসূত্রে ফিরে গেলে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা হবে না।
সংশোধিত চুক্তিতে স্বচ্ছ যৌথ পরিমাপ, পরিবেশ সুরক্ষা, জলবায়ু অভিযোজন, পলি ব্যবস্থাপনা ও তীব্র পানিসংকট মোকাবিলার ব্যবস্থা থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। সময় কম থাকায় পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবসম্মত না-ও হতে পারে। সে ক্ষেত্রে আলোচনা চলাকালে যৌথ পর্যবেক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বজায় রেখে বর্তমান চুক্তির মেয়াদ অন্তর্বর্তী সময়ের জন্য বাড়ানোকে তিনি একটি বাস্তবসম্মত বিকল্প বলেছেন।
চলমান বার্তা ডেস্ক : 





















