সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত চলাকালে তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন এমন আশঙ্কা থেকে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
দুদকের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান চলাকালীন সময়ে তিনি দেশত্যাগ করলে তদন্তকাজ ব্যাহত হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা। এ শঙ্কা থেকেই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দুদক সূত্রে জানা যায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্র নিয়েও অনুসন্ধান চালাচ্ছে সংস্থাটি।
পাওয়া অভিযোগ অনুযায়ী, আসিফ মাহমুদ বিদেশে প্রায় এগারো হাজার কোটি টাকা পাচার করেছেন বলে দুদকের কাছে অভিযোগ জমা পড়েছে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এই অর্থ পাচার করে বিলাসবহুল সম্পদ কেনা এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই অঙ্ক ও অভিযোগগুলোর কোনোটিই এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং তা এখনো অনুসন্ধানাধীন পর্যায়ে রয়েছে।
দুদক কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমানে এসবই অভিযোগ আকারে রয়েছে। এসব অভিযোগ আমলে নিয়েই আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করা হয়েছে এবং তদন্ত শেষ হওয়ার আগে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয় বলেও ইঙ্গিত দিয়েছেন তারা। আসিফ মাহমুদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চলমান বার্তা ডেস্ক : 



















