উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াতে এবং গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরিতে পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও গবেষণার জন্য বাজেট বাড়ানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করার ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অঙ্গপ্রতিষ্ঠান আইইউটির এই সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ। অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. হোসেন আরাবি নূরসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথি, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সমাবর্তনের প্রধান অতিথি গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান। কৌতূহলী মনোভাব ধরে রাখতে, উচ্চশিক্ষা নিতে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে বাংলাদেশ ও বৃহত্তর মুসলিম উম্মাহর সেবায় নিজেদের নিয়োজিত করতে তিনি তাদের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তারা গ্র্যাজুয়েটদের সততা বজায় রাখা, আজীবন শেখার মানসিকতা ধারণ করা এবং অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন।
আইইউটি সূত্রে জানা গেছে, এবারের সমাবর্তনে ওআইসির ১৬টি সদস্যদেশের মোট ৬৫৯ জন গ্র্যাজুয়েট ডিগ্রি গ্রহণ করেন। বিভাগওয়ারি হিসাব এ রকম:
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ১৫৫ জন
- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং: ১৪৯ জন
- মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং: ১৪৭ জন
- সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং: ১২৬ জন
- বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট: ৫৭ জন
- টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন: ২৫ জন
অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে সুমাইয়া আহমেদ রানীকে ‘ওআইসি গোল্ড মেডেল’ দেওয়া হয়। এ ছাড়া আশফাক সিরাজ শুভ, মুহাম্মদ সাফায়াত জামিল, খালিদ হাসান আদর, আদিবা জাহীন, ফারহান লবিব ও তাসফিয়া মাহমুদ পেয়েছেন ‘আইইউটি গোল্ড মেডেল’।
চলমান বার্তা ডেস্ক : 




















