দেশকে আরও সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে তুলতে শিশুদের প্রতি প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি গাছ শুধু প্রকৃতিকেই সমৃদ্ধ করে না, মানুষের সুস্থ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রাঙ্গণে একই দিনে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগাতে। সেটা তোমাদের স্কুলে হোক কিংবা বাড়ির আশপাশে—যেখানে সুযোগ পাবে, সেখানে একটি গাছ রোপণ করবে।”
তিনি শিশুদের শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে গাছ সম্পর্কে জানারও উৎসাহ দেন। তাঁর ভাষায়, একটি গাছ কতটুকু অক্সিজেন উৎপাদন করে, পরিবেশ ও মানুষের জন্য কী ধরনের উপকার বয়ে আনে—এসব বিষয়ে ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে জানার চেষ্টা করা উচিত।
তারেক রহমান বলেন, এভাবে প্রতিবছর নতুন একটি গাছ সম্পর্কে জানার মাধ্যমে শিশুদের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আগ্রহ আরও বাড়বে। তিনি বলেন, “আজ যে গাছটি তোমরা স্কুলে লাগাবে, সেটি বড় হলে একদিন সেই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে পারবে। আর বাড়িতে লাগানো গাছ বড় হলে তা সুন্দর পরিবেশ ও শীতল বাতাস উপহার দেবে।”
তিনি দিনটিকে দেশের জন্য একটি স্মরণীয় দিন উল্লেখ করে বলেন, সারা দেশে একযোগে বিপুল সংখ্যক গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিশুদের তৈরি পরিবেশ ও প্রাণপ্রকৃতি বিষয়ক বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলমান বার্তা ডেস্ক : 




















