অহেতুক গুঞ্জন? অর্জুনের সঙ্গে প্রেমের জল্পনায় যা বললেন সাহিবা
লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেটপ্রেমীদের চোখ ছিল ভারত-ইংল্যান্ডের ওয়ানডে ম্যাচের দিকে। কিন্তু গ্যালারির একটি দৃশ্য বদলে দেয় বলিউডের বিনোদন জগতের চর্চার মোড়।
সেখানে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দেখা যায় অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালিকে। আর এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল গুঞ্জন—তবে কি মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর সাহিবার সঙ্গেই নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অর্জুন?
দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে সেই জল্পনা নিয়ে পরোক্ষভাবে মুখ খুলেছেন সাহিবা নিজেই।
’সবকিছু বিশ্বাস করবেন না’
ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুরের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে সাহিবা সংক্ষেপে লেখেন, “সবকিছু বিশ্বাস করবেন না—পর্ব ২”।
সরাসরি কোনো ব্যাখ্যা না দিলেও সাহিবার এই সংক্ষিপ্ত বার্তা যে চটকদার খবর ছড়ানো নেটিজেনদের প্রতি একটি বার্তা, তা নিয়ে অনুরাগী মহলে কোনো সন্দেহ নেই।
এর পেছনের প্রেক্ষাপটটি অবশ্য বেশ চমকপ্রদ। এর আগের একটি স্টোরিতে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছিলেন সাহিবা, যেখানে ভুলবশত তাকে অভিনেত্রী অনুশকা শর্মা বলে উল্লেখ করা হয়েছিল। তখন সাহিবা কৌতুক করে লিখেছিলেন, “সবকিছু বিশ্বাস করবেন না—পর্ব ১”।
এরপর অর্জুনের সঙ্গে ছবি পোস্ট করে “পর্ব ২” লেখায় পুরো বিষয়টি নিয়ে নেটিজেনদের আগ্রহ আরও বেড়ে যায়।
করপোরেট থেকে অভিনয়ে সাহিবা বালি
দিল্লির মেয়ে সাহিবা বালির জীবনের পথচলা বেশ বৈচিত্র্যময়। ছোটবেলা থেকেই অভিনয় ও গণমাধ্যমের প্রতি তার ঝোঁক থাকলেও, পড়াশোনাকে কখনোই পেছনে ফেলেননি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত হানসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে তিনি পাড়ি জমান বিদেশে, সম্পন্ন করেন ব্যবসা প্রশাসন ও বিপণন বিষয়ের উচ্চশিক্ষা।
অভিনয় জগতে আসার আগে সাহিবা ভারতের বেশ কিছু খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপে বিপণন কৌশলবিদ হিসেবে সফলতা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
পরবর্তীতে ২০১৮ সালে ইমতিয়াজ আলীর ‘লায়লা মজনু’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় তার অভিষেক ঘটে। একে একে তাকে দেখা গেছে ‘বার্ড অব ব্লাড’, ‘অমর সিং চমকিলা’ এবং ‘তানাভ’-এর মতো আলোচিত চলচ্চিত্রে।
ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেম
পর্দার অভিনয়ের পাশাপাশি সাহিবা বালি বর্তমান সময়ের একজন জনপ্রিয় ডিজিটাল ইনফ্লুয়েন্সার। নিজস্ব ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রামে নিয়মিত পডকাস্ট, সাক্ষাৎকার ও জীবনযাত্রানির্ভর ভিডিও তৈরি করেন তিনি। বিশেষ করে তরুণ প্রজন্মের ক্যারিয়ার, উদ্যোক্তা হওয়া ও ক্রিকেট নিয়ে তার খোলামেলা উপস্থাপনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ভারতীয় ক্রিকেটের অন্ধ ভক্ত সাহিবা প্রায়শই বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকেন। লর্ডসের মাঠে তার উপস্থিতি ছিল সেই ক্রিকেট প্রেমেরই অংশ। কিন্তু অর্জুন কাপুরের সাথে একফ্রেমে বন্দি হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যক্তিগত সম্পর্কের নানা সমীকরণ।
অন্যদিকে, অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পাট চুকিয়ে ২০২৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন অর্জুন কাপুর। এরপর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামেনি। তবে সাহিবার এই সাম্প্রতিক প্রতিক্রিয়া যেন অনাকাঙ্ক্ষিত জল্পনায় কিছুটা হলেও জল ঢালল।
চলমান বার্তা ডেস্ক : 

























