ব্রিটিশবিরোধী বিপ্লবীদের সংগ্রাম, ত্যাগ ও আদর্শের গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন পিরিয়ড ড্রামা ‘দ্য রেভলিউশনারিজ’। নিখিল আদবানি পরিচালিত এই সিরিজে ভিন্ন এক চরিত্রে দেখা গেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামকে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিরিজটি।
সশস্ত্র প্রতিরোধ আর আত্মত্যাগের ইতিহাস নিয়ে গড়া এই কাহিনির কেন্দ্রে রয়েছেন চারজন বিপ্লবী চরিত্র। রাসবিহারী বসুর ভূমিকায় অভিনয় করেছেন ভুবন বাম, শচীন্দ্রনাথ সান্যালের চরিত্রে রয়েছেন রোহিত সরফ, প্রতিভা লাহিড়ীর ভূমিকায় দেখা গেছে প্রতিভা রান্তাকে এবং কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পিরজাদা।
এই চার চরিত্রকে ঘিরে এগিয়েছে সিরিজের মূল আখ্যান। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী ও কাশিশ সালুজাসহ আরও কয়েকজন। জেনারেল ডায়ারের চরিত্রে অভিনয় করেছেন জেসন শাহ।
মুক্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেন পাওলি, যেখানে ফুটে উঠেছে সেটের নেপথ্যের নানা দৃশ্য। ঐতিহাসিক আবহে তার নতুন লুক ও চরিত্র নিয়ে দর্শকমহলে ইতিমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সিরিজটি দর্শকদের কতটা মুগ্ধ করে, সেটাই এখন দেখার বিষয়।
বিনোদন ডেস্ক : 


























