বিনোদন অঙ্গনের পরিচিত ও জনপ্রিয় শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে গত ৩ জুলাই অনুষ্ঠিত হয়েছিল ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। রেকর্ড করা এই আয়োজন শুক্রবার রাত আটটায় প্রকাশ পাবে চরকিতে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল অভিনয়ের মাস্টারক্লাস ও প্যানেল আলোচনা। রেড কার্পেট, ফ্যাশন, সাক্ষাৎকার এবং তারকাদের মিলনমেলার নানা মুহূর্ত থাকছে প্রকাশিতব্য পর্বে, যা ছুটির রাতে ঘরে বসেই উপভোগ করতে পারবেন দর্শকেরা।
নিজস্ব অরিজিনাল কনটেন্ট, চলচ্চিত্র ও সিরিজের নেপথ্য কারিগরদের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছে চরকি। ২০২৩ ও ২০২৪ সালের কাজের জন্য দর্শক ভোট ও সমালোচক—এই দুই বিভাগে মোট ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, সবার অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠেছিল এবং দর্শকদের একসঙ্গে উপভোগের উপযোগী করে কনটেন্টটি সাজানো হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিন আবসার ও রাফসান সাবাব। ছিল মুবাশশীরা কামাল ইরার কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশনা ‘ফ্লো বাই ইরা’ এবং বিটমসফিয়ারের অ্যাকাপেলা ও বিটবক্সিং পরিবেশনা।
সেরা গানের স্বীকৃতি পেয়েছে ‘গা ছুঁয়ে বলো’ (কণ্ঠ: তানজীব সরোয়ার ও অবন্তী সিঁথি) এবং ‘লাগে উড়াধুরা’ (কণ্ঠ: প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা)।
প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এ ছাড়া অভিনেতা তারিক আনাম খানের মাস্টারক্লাস এবং মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূনের প্যানেল আলোচনার কনটেন্টও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।
বিনোদন ডেস্ক: 



















