ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাবলোহরাদ শহরে একটি জনবহুল শপিং মলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেন, দিনের বেলা রাস্তায় যখন মানুষের ভিড় ছিল, ঠিক তখনই হামলাটি চালানো হয়। এতে বেশ কয়েকটি দোকান ও যানবাহন সম্পূর্ণ পুড়ে যায়। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, আহতদের মধ্যে আটজন শিশু রয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শপিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই ঘটনাকে ‘জোরজবরদস্তির কৌশল’ বলে অভিহিত করেছেন।
চলতি সপ্তাহে ইউক্রেনের একাধিক শপিং মলে হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার সুমি শহরের একটি মলে ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন। এর আগে সোমবার ঝাপোরিজিয়া শহরের একটি মল বিমান হামলায় প্রায় ধ্বংস হয়। গত মাসে ক্রিভি রিহ শহরের এক শপিং মলে রুশ ড্রোন হামলায় ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছিলেন।
অন্যদিকে রাশিয়া জানায়, কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচিতে ইউক্রেনের সামুদ্রিক ড্রোন হামলায় দুই শিশুসহ ২৮ জন আহত হয়েছেন। বেলগোরোদ অঞ্চলের নোভি ওস্কোলে ড্রোন হামলায় একজন নিহত ও ছয়জন আহত হন। রুশ-নিয়ন্ত্রিত ঝাপোরিজিয়ায় হামলায় এক কিশোরী ও এক ট্রাকচালক নিহত হয়েছেন।
সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতরা মস্কো ও কিয়েভে বৈঠক করলেও নতুন শান্তি প্রচেষ্টা এখনো কার্যকর ফল আনতে পারেনি।
আন্তর্জাতিক ডেস্ক : 



















