সিরাজগঞ্জ জেলা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের অভ্যন্তরীণ টানাপোড়েন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতা-কর্মীদের সুসময়ে যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তুলে পৌর মহিলা দলের কর্মী শাফিয়া সুলতানা একটি ফেসবুক পোস্ট প্রকাশ করেছেন, যা মুহূর্তেই স্থানীয় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।
পোস্টে শাফিয়া সুলতানা পৌর ও সদর উপজেলার রাজপথে সক্রিয় থাকা কর্মীদের সংগ্রামের ইতিহাস এবং তাঁদের বর্তমান সমস্যার কথা তুলে ধরেন। তাঁর ভাষ্যমতে, মামলা-হামলা ও নির্যাতনের মুখেও যাঁরা মাঠ ছাড়েননি, বর্তমানে তাঁদের বাদ দিয়ে সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যা মাঠপর্যায়ের পরীক্ষিত কর্মীদের মধ্যে হতাশা তৈরি করছে।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় পৌর মহিলা দলের কর্মী জান্নাতুল ইসলাম পলি বলেন, সুবিধাজনক সময়ে ত্যাগী নেত্রীদের উপেক্ষা করা সংগঠনের জন্য ক্ষতিকর হতে পারে। জেলা মহিলা দলের আরেক কর্মী আইনুন নাহার কলি বলেন, দুঃসময়ে রক্ত ও ঘাম ঝরানো কর্মীদের বাদ দিয়ে সুসময়ে আসা ব্যক্তিদের প্রাধান্য দিলে দলের ঐতিহ্য ক্ষুণ্ন হবে।
শাফিয়া সুলতানা জেলা বিএনপির সিনিয়র নেতৃত্ব ও কেন্দ্রীয় মহিলা দলের হাইকমান্ডের প্রতি তৃণমূলের প্রকৃত আন্দোলনকারীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, কোণঠাসা হয়ে থাকা নেত্রী-কর্মীদের পুনঃমূল্যায়ন নিশ্চিত না হলে জেলা সংগঠন সুসংগঠিত হবে না। তবে এ বিষয়ে জেলা মহিলা দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রবেল হোসেন,সিরাজগঞ্জ 

























