দেশকে অস্থিতিশীল করতে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, পরাজিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতরে অস্থিরতা তৈরি এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এক অনুষ্ঠান হয়। অসহায় মানুষের মাঝে নতুন ঘর, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণের এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে সর্বোচ্চ আসন পেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। অথচ বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এর একটি দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন যে বরেণ্য ব্যক্তি, সেই ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের বিমানবন্দরে অসম্মান করা হয়েছে। রিজভীর ভাষ্য, বিদেশের মানুষ যাঁকে সম্মান করেন, তাঁকে এভাবে অসম্মান করার মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার কথাও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, এসব ঘটনা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রেরই অংশ।
রিজভী আরও বলেন, দেশে ও বিদেশে বসে যাঁরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাঁদের কাছে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, সেই অর্থ কাজে লাগিয়েই চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
সরকারের কর্মসূচির প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। অসচ্ছল পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফেরাতে সরকার নানা মানবিক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে অসহায় মানুষকে ভাতা কার্ড দেওয়া হচ্ছে।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান থাকায় জ্বালানি সংকটসহ নানা সমস্যা দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এ সংকট কেটে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিজভী একটি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। এ ছাড়া ১০টি সেলাই মেশিন এবং চারজন অসহায় মানুষের মধ্যে মোট ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এজিএম বাদল আমিন ও মোস্তফা কবির। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে ছিলেন।
এর আগে গাজীরটেক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবিরের বাগানবাড়িতে পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপির নেতারা রিজভীকে ফুল দিয়ে বরণ করে নেন।
চলমান বার্তা ডেস্ক : 



















