সুনামগঞ্জের জগন্নাথপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ১১মে সোমবার সকাল ১০টায় জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগর পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
ফারিয়া জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃরমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাছিরুল ইসলাম ভুঞা,সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ এবং মেডিসিন কোম্পানির কর্মকর্তা জয়নাল আবেদীন।
এছাড়া ফারিয়ার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি সুজন কবির, প্রধান উপদেষ্টা সুজল কবীর, উপদেষ্টা নুর আহাদ,মনি শংকর, সাইফুল ইসলাম, সাবেক উপদেষ্টা আজিজুর রহমান, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি সানোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর।
বক্তারা বলেন,মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং তারা শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। অথচ একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ও মানহানিকর বক্তব্য ছড়িয়ে তাদের সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
তারা অবিলম্বে এসব অপপ্রচার বন্ধ,মানহানিকর কনটেন্ট প্রত্যাহার এবং প্রতিনিধিদের হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা আরও বলেন, পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় ফারিয়ার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। ভবিষ্যতে প্রতিনিধিদের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার 
















