বাসুদেব দত্ত (শাহজাদপুর প্রতিনিধি): সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহার ও পরিবারের অভিযোগ অনুযায়ী, উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বিভিন্ন সময় বাড়ির ছোটখাটো কাজে সহায়তার জন্য কয়েকজন শিক্ষার্থীকে নিজের বাড়িতে ডাকতেন।
অভিযোগে বলা হয়েছে, সেই সুযোগে শিক্ষিকার স্বামী রফিকুল ইসলাম, যিনি স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসক হিসেবে পরিচিত, শিশু শিক্ষার্থীদের সঙ্গে অনুচিত আচরণ করতেন।
পরিবারের দাবি, গত ২৮ জুন বাড়িতে কাজের কথা বলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নেওয়া হয়। পরে তার সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।
পরিবারের ভাষ্য, আতঙ্কের কারণে শিশুটি প্রথমে ঘটনাটি গোপন রাখে। পরে গত শুক্রবার অভিযুক্ত ব্যক্তি আবারও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানায়।
এরপর পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। পরে রোববার শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনাটি প্রকাশের পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা উদ্ঘাটনের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে তার মা থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মামলায় উত্থাপিত অভিযোগ বর্তমানে তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
চলমান বার্তা ডেস্ক : 
























