সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে ট্রাকচাপায় আবুবক্কর (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবুবক্কর। এ সময় তার বহন করা একটি মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে সড়কে নামলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি 
























