পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার (১১ অক্টোবর) সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের অধীনে এ ঘোষণা দেওয়া হয়। প্রদেশটি কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নিয়ন্ত্রণে রয়েছে। জরুরি অবস্থা জারির ফলে সেখানকার পিটিআই-নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জানিয়েছেন, তিনি মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেছেন। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা’ নিয়ে সেখানে উদ্বেগ প্রকাশ করা হয়।
এই পরিস্থিতির মধ্যেই ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে পিটিআই। তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকলেও দেশজুড়ে ইমরান খানের উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে।
ইমরান খান ও তাঁর দলের বিরুদ্ধে নেওয়া নানা পদক্ষেপ নিয়ে পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির ফলে কেন্দ্রীয় সরকার ও পিটিআইয়ের মধ্যকার এই বিরোধ আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক ডেস্ক : 




















