দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশু এবং ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুটি রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন ও ডেঙ্গুসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামে শিশুমৃত্যু
অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে তিনজন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৬৬ শিশুর মৃত্যু হলো। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা এখন এক হাজার ১৭০।
এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২১৩ জন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় ৩৫৮, চট্টগ্রামে ৩১৩, সিলেটে ১৪২, খুলনায় ১৩৫, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৭২, রাজশাহীতে ৩৭ ও রংপুরে ২৪ জন ভর্তি হয়েছে।
অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৮৪ হাজার ২৬৯ জন। এর মধ্যে এক লাখ ৭৬ হাজার ৬৭২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দুই লাখ সাত হাজার ৩৭১। তাদের মধ্যে ২২ হাজার ৭১২ জনের হাম নিশ্চিত হয়েছে।
ডেঙ্গুতে একদিনে নয় মৃত্যু
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন নয়জন। বিভাগ ও এলাকাভিত্তিক হিসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন, খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হলো। অক্টোবরের প্রথম ১২ দিনেই মারা গেছেন ৭১ জন।
একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬৫, চট্টগ্রামে ৩১৮, খুলনায় ২৩০, বরিশালে ১৯৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯১, ঢাকা উত্তর সিটিতে ১৮৯, রাজশাহীতে ১৮৪, ময়মনসিংহে ৯৭, রংপুরে ৭১ ও সিলেটে ১৩ জন। চলতি বছর ১২ অক্টোবর পর্যন্ত মোট এক লাখ তিন হাজার ৩৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন, গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৬৫ জন।
আগের বছরের চিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন এক লাখ দুই হাজার ৮৬১ জন, মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, আর মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। এর আগে ৬ অক্টোবর অধিদপ্তর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর কথা জানায়, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর
আব্দুল্লাহ আল রাহাত ,ঢাকা 



















