বারবার চোটে পড়ার কারণে রাফিনহাকে নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। ব্রাজিলের হয়ে আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচে এই ফরোয়ার্ডের খেলার সময় সীমিত রাখার অনুরোধ জানিয়েছে কাতালান ক্লাবটি। বিষয়টি নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে তারা আলোচনাও করেছে।
আগামী ১৪ নভেম্বর, শনিবার জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ১৭ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে এশিয়ার আরেকটি দলের বিপক্ষে। ম্যাচ দুটির প্রস্তুতির জন্য দলটি এখন সিঙ্গাপুরে। প্রায় ২২ হাজার কিলোমিটার পথ পেরিয়ে সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন বার্সেলোনার অধিনায়ক রাফিনহা। গত মাসের আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়া সফরেও তিনি ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন।
বার্সেলোনার সতর্কতার কারণ অতীতের অভিজ্ঞতা। জাতীয় দলের দায়িত্ব পালনের সময় আগেও চোট পেয়েছেন এই তারকা। চলতি মৌসুমে বার্সার আক্রমণভাগে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই নতুন করে কোনো ঝুঁকি নিতে চায় না ক্লাবটি।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এসপোর্তে’র প্রতিবেদন অনুযায়ী, রাফিনহার খেলার সময় ব্যবস্থাপনা নিয়ে বার্সেলোনা ও সিবিএফের মধ্যে সমঝোতা হয়েছে। দুই পক্ষের লক্ষ্য একটাই: তাঁকে পুরোপুরি ফিট অবস্থায় ক্লাবে ফেরানো। একই সঙ্গে টানা তৃতীয়বার চোটে পড়ার আশঙ্কা কমাতে চায় তারা।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে করেছেন ১৯ গোল, যার ১৫টিই লা লিগায়। গোলদাতাদের তালিকায় তিনি আছেন শীর্ষে।
সাম্প্রতিক চোটের ঘটনাগুলোই ক্লাবের উদ্বেগ বাড়িয়েছে। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পান তিনি। পেশির সমস্যায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি। বিশ্বকাপেও চোটের সমস্যা নিয়ে একটি ম্যাচ শেষ করতে হয়েছিল তাঁকে।
সর্বশেষ গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ডান উরুতে অস্বস্তি অনুভব করেন রাফিনহা। পরীক্ষায় ডান পায়ে ইডিমা ধরা পড়ে। ফলে গেটাফে ও গালাতাসারাইয়ের বিপক্ষে বার্সার দুটি ম্যাচ মিস করেন তিনি। বিরতির পর ক্লাবে ফেরার পরও আবার চোটের শঙ্কা তৈরি হওয়ায় এবার আগেভাগেই সতর্ক হচ্ছে বার্সা।
গত রোববার (৮ নভেম্বর) মেট্রোপলিটানোতে ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিকও উদ্বেগের কথা জানান। ব্রাজিলের হয়ে রাফিনহার খেলার সময় নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, ব্রাজিলের হয়ে তার খেলার সময়টা যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমি খুশি হবো।’
সূত্র: গ্লোবো এসপোর্তে
ক্রীড়া ডেস্ক : 

























