২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী হেনরি কাগান ও কেনসো সোয়াই। অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব এবং স্বয়ং-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য তাঁদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের নাম ঘোষণা করে। চিকিৎসাবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের পর নোবেল সপ্তাহে এটি তৃতীয় ঘোষিত পুরস্কার।
ঘোষণার সময় নোবেল কমিটির রসায়ন বিভাগের চেয়ারম্যান হেইনার লিংক বলেন, এবারের পুরস্কার মৌলিক রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে।
তাঁর ভাষ্য, অনেক অণু দুটি ভিন্ন রূপে পাওয়া যায়। উদাহরণ হিসেবে তিনি মানুষের দুই হাতের কথা বলেন। দুই হাত পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো দেখতে হলেও অভিন্ন নয়; একটির ওপর আরেকটি পুরোপুরি বসানো যায় না। এ ধরনের অণুকে বলা হয় ‘কাইরাল’। গ্রিক শব্দ ‘হাত’ থেকে এর উৎপত্তি।
নোবেল পুরস্কার প্রবর্তিত হয়েছে সুইডিশ উদ্ভাবক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইলের ভিত্তিতে। ১৯০১ সাল থেকে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অসামান্য অবদানের জন্য এটি দেওয়া হচ্ছে। বিশ্বযুদ্ধের সময় কয়েকবার ছাড়া অধিকাংশ বছরই পুরস্কার প্রদান করা হয়েছে।
আলফ্রেড নোবেল পেশায় ছিলেন রসায়নবিদ। ঊনবিংশ শতকে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন। তাঁর আবিষ্কারের বড় একটি অংশ ছিল যুদ্ধসংশ্লিষ্ট, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ডিনামাইট। অর্থনীতিতে নোবেল পুরস্কার পরে চালু হয়েছে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে।
পদার্থবিজ্ঞান, সাহিত্য ও শান্তির নোবেলের তুলনায় রসায়নের পুরস্কার অনেক সময় কম আলোচিত হয়। তবে এর মাধ্যমেই পারমাণবিক বিভাজন ও জিনগত সিকোয়েন্সিং প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ আবিষ্কার স্বীকৃতি পেয়েছে।
এর আগে ২০২৫ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর ইয়াগি। ধাতু-জৈব কাঠামো বা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরির জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। এসব আণবিক কাঠামো জলবায়ু পরিবর্তন ও বিশুদ্ধ পানির সংকটের মতো বৈশ্বিক সমস্যা মোকাবিলায় কাজে লাগতে পারে।
এবারের নোবেলজয়ীরা আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফের হাত থেকে পদক গ্রহণ করবেন। দিনটি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। অনুষ্ঠানের পর স্টকহোম সিটি হলে ঐতিহ্যবাহী নৈশভোজের আয়োজন থাকবে।
নোবেলজয়ীরা পুরস্কার হিসেবে মোট ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। নোবেল পুরস্কারের মধ্যে একমাত্র শান্তিতে পুরস্কার সুইডেনে দেওয়া হয় না; সেটি আলাদাভাবে নরওয়ের অসলোতে প্রদান করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক : 




















