দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন রোগী।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত আটজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া বরিশাল বিভাগে একজন, খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরে দুজন, রাজশাহী বিভাগে সিটি করপোরেশনের বাইরে দুজন এবং সিলেট বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ৩৭৬ জন খুলনা বিভাগের। ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন ৩৪৭ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২, বরিশাল বিভাগে ২০০, রাজশাহী বিভাগে ১৭৬ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন ভর্তি হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ভর্তি ১১০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ১৪ জন।
অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২ হাজার ২১৬ জন। এই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৬ হাজার ১৫২ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৫২ জন।
গত ২৪ ঘণ্টার আটজনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে।
আগের কয়েক বছরের হিসাবও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, আর মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালের একই সময়ে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়; ওই বছর হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
চলমান বার্তা ডেস্ক : 




















