কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনা মূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ক্যাম্পে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং যক্ষ্মা শনাক্তকরণসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার সোনাতলী দক্ষিণপাড়া এলাকায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে গর্ভবতী ও প্রসূতি মায়েদের প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা, চোখের নিকটদৃষ্টি পরীক্ষা এবং যক্ষ্মা শনাক্তে কফ পরীক্ষা করা হয়। এ ছাড়া যক্ষ্মায় আক্রান্ত রোগীদের ব্র্যাকের মাধ্যমে সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহের ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়।
স্বাস্থ্যসেবা ক্যাম্পটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। এ সময় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন, তাঁদের স্বাস্থ্যগত সমস্যার খোঁজখবর নেন এবং আয়োজকদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আশরাফুল আলম, স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার হরিশ চন্দ্র বর্মণ, আলট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক তালেবুর রহমান এবং যক্ষ্মা কর্মসূচির প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রায়।
ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির কর্মসূচি সংগঠক ও মাঠসংগঠকেরা ক্যাম্পের বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করেন।
আয়োজকেরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং বিশেষ করে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ডায়াবেটিস ও যক্ষ্মা শনাক্তকরণ এবং চোখের সমস্যার প্রাথমিক পরীক্ষা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নুরুল আমিন, স্টাফ রিপোর্টার: 





















