জমির সীমানা নির্ধারণ ও নামজারির বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার পরিচালিত ‘ফাঁদ অভিযানে’ ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়েছে বলে দুদক জানিয়েছে।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজার ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি আলাদা করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
কিন্তু প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি। এ নিয়ে মনিরুল একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুলের সঙ্গে কথা বলতে বলা হয়।
অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ চান আসাদুল। বিষয়টি তিনি দুদককে জানান।
দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে ফাঁদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ কমিশনের একটি বিশেষ দল পরিকল্পিতভাবে অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুলকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানিয়েছে, এ ঘটনায় আসাদুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
সূত্র: দুদকের সংবাদ বিজ্ঞপ্তি
চলমান বার্তা ডেস্ক : 


















