হুমকি দিয়েছিল চীন, শেষ পর্যন্ত সেটাই করে দেখাল। রোববার রাতে লা লিগায় রেসিং ও রিয়াল মাদ্রিদের ম্যাচটি দেখায়নি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি। চীনের ডিজিটাল প্ল্যাটফর্ম মিগুতেও ম্যাচটি প্রচার হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন এএফপির সাংবাদিকেরা।
সংকটের সূত্রপাত রিয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের একটি মন্তব্য থেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে। সেখানে নিজের দেখা সবচেয়ে মজার ইন্টারনেট মিমের কথা বলেন ফরাসি এই তারকা। তাঁর ভাষ্য, ওই মিমে তাঁর মুখ বসানো ছিল ‘চীনের এক স্বৈরশাসকের’ ছবিতে। এমবাপ্পে সরাসরি নাম না নিলেও মিমটিতে ছিল চীনের সাবেক নেতা মাও সে-তুংয়ের ছবি। এই মন্তব্যে চীনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। সিসিটিভির তত্ত্বাবধায়ক এই সংস্থা সোমবার লা লিগার সম্প্রচার সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। তাদের বক্তব্য ছিল, পরিস্থিতি স্বাভাবিক করতে এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগার ক্ষমা চাওয়া ‘অনিবার্য’।
পরে তিন পক্ষই ক্ষমা চেয়েছে। এমবাপ্পে নিজের মন্তব্যকে ‘বিবেচনাহীন’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। রিয়াল মাদ্রিদ ও লা লিগাও ক্ষমা চায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমবাপ্পের ক্ষমা চাওয়ার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। তবে ক্ষমা চাওয়ার পরও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসেনি দেশটি।
সিসিটিভির ক্রীড়া চ্যানেলে রিয়াল-রেসিং ম্যাচটি সরাসরি দেখানো হয়নি। সেদিন লা লিগার একাদশ রাউন্ডের অন্য ম্যাচগুলোও রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়নি। এদিকে এমবাপ্পের চীনা সামাজিক যোগাযোগমাধ্যম রেডনোট অ্যাকাউন্টে একটি বার্তা দেখা গেছে। তাতে লেখা, ‘সম্প্রদায় নির্দেশিকা লঙ্ঘনের জন্য এই অ্যাকাউন্টটি মিউট করা হয়েছে’।
চীনে লা লিগার ডিজিটাল সম্প্রচারের দায়িত্বে আছে মিগু। শনিবারের বেশির ভাগ ম্যাচই তারা দেখিয়েছে, যার মধ্যে ছিল বার্সেলোনা ও আলাভেসের খেলাও। কিন্তু রোববারের রিয়াল-রেসিং ম্যাচ তাদের সূচিতে ছিল না। মিগুর সম্প্রচার সূচি যাচাই করে এএফপির সাংবাদিকেরা তা নিশ্চিত হয়েছেন।
ইউরোপীয় ফুটবলের জন্য চীনের বাজার বেশ গুরুত্বপূর্ণ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রিমিয়ার লিগের পাশাপাশি জার্মান, ফরাসি ও ইতালিয়ান লিগের ম্যাচও দেখানো হয়। ফলে লা লিগার সম্প্রচার বন্ধ থাকার বাণিজ্যিক প্রভাব কম নয়। এমবাপ্পের মন্তব্যের পর চীনের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান তাঁর সঙ্গে বাণিজ্যিক চুক্তিও বাতিল করেছে।
সূত্র: এএফপি
ক্রীড়া ডেস্ক : 



















