বলিউডে নায়কদের পারিশ্রমিক নিয়ে আলোচনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে বড় বাজেটের সিনেমায় নায়িকাদের অবস্থানও শক্ত হয়েছে। জনপ্রিয়তা, অভিনয়দক্ষতা আর বক্স অফিসে প্রভাবের সুবাদে বেড়েছে তাঁদের পারিশ্রমিকও। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-এর একটি তালিকায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রী হিসেবে উঠে এসেছে পাঁচ তারকার নাম।
শীর্ষে প্রিয়াঙ্কা চোপড়া
তালিকার একেবারে ওপরে প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর বিনোদনজগতে তাঁর পরিচিতি বাড়ে। ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ দিয়ে বলিউডে অভিষেক। এরপর ‘আন্দাজ’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় প্রশংসা কুড়ান। ‘ফ্যাশন’-এর জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘কোয়ান্টিকো’ সিরিজের হাত ধরে হলিউডেও আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিত হন তিনি। আইএমডিবির হিসাবে সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা।
দ্বিতীয় স্থানে দীপিকা পাড়ুকোন
মডেলিং দিয়ে পথচলা শুরু করা দীপিকা ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’-এ অভিষিক্ত হন। প্রথম সিনেমাতেই নজর কাড়েন দর্শকের। পরে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এ কাজ করেন। ‘পিকু’-তে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছেন। হলিউডে আছে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’, আর ২০২৪ সালের ‘কল্কি ২৮৯৮ এডি’-তেও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। তালিকায় তাঁর পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ থেকে ৩০ কোটি টাকা।
তৃতীয় কঙ্গনা রনৌত
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও হাত পাকিয়েছেন কঙ্গনা। ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ দিয়ে শুরু, প্রথম সিনেমাতেই মেলে প্রশংসা। এরপর ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু’ ও ‘কুইন’-এর মতো সিনেমায় জনপ্রিয়তা পান। ‘কুইন’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন। নিজের পরিচালিত ‘ইমার্জেন্সি’ নিয়েও আলোচনায় এসেছেন তিনি। আইএমডিবির তালিকায় তাঁর পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা।
চতুর্থ ক্যাটরিনা কাইফ
মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে আসা ক্যাটরিনার বলিউড অভিষেক ২০০৩ সালে, ‘বুম’ সিনেমায়। শুরুতে ভাষাগত সীমাবদ্ধতা ও অভিনয় নিয়ে সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে নিজের জায়গা গড়ে নেন। ‘নমস্তে লন্ডন’, ‘নিউইয়র্ক’, ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’ ও ‘ধুম ৩’ তাঁর উল্লেখযোগ্য কাজ। নাচ ও অ্যাকশন দৃশ্যেও দক্ষতা দেখিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘টাইগার ৩’ ও ‘মেরি ক্রিসমাস’-এ অভিনয় করেছেন। তাঁর সিনেমাপ্রতি পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকা।
পঞ্চম আলিয়া ভাট
অল্প বয়সেই বলিউডে শক্ত অবস্থান গড়েছেন আলিয়া। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে অভিষেক করেন। ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গলি বয়’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে প্রশংসা পান। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-র জন্য জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’-এ গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করে হলিউডেও পা রাখেন। তালিকায় তাঁর পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটি টাকা।
সূত্র: আইএমডিবি
বিনোদন ডেস্ক : 

























