যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ইরানের পরিবর্তে ভুলবশত ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বলে উল্লেখ করেন। বক্তব্যের ওই অংশ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, “ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের একটি বিমানবাহী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।” বক্তব্যের পর তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।
তবে বক্তব্যে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ উল্লেখ করায় বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প সম্ভবত ‘ইসলামিক রিপাবলিক অব ইরান’ বলতে গিয়ে অসাবধানতাবশত ‘জাপান’ শব্দটি উচ্চারণ করেন। তিনি পরে তাৎক্ষণিকভাবে নিজের বক্তব্য সংশোধন করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
জাপানের সংবাদ সংস্থা কিয়োদো নিউজ এবং দ্য জাপান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, এটি সম্ভবত ট্রাম্পের মুখ ফসকে উচ্চারিত একটি শব্দ, যা বক্তব্যের সময় অনিচ্ছাকৃতভাবে চলে আসে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের এই ভাষাগত ভুলও নতুন করে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 




















