রিয়াল বেতিসের মাঠে ৫-২ গোলের জয়ের পরও স্বস্তি পাচ্ছে না বার্সেলোনা। লা লিগার নবম রাউন্ডের ওই ম্যাচে চোট পেয়েছেন এরিক গার্সিয়া, জেরার্ড মার্তিন ও জুলস কুন্দে। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে নামার তিন দিন আগে এই খবর কোচ হান্সি ফ্লিকের চিন্তা বাড়িয়েছে।
স্প্যানিশ রেডিও ক্যাডেনা এসইআরের সাংবাদিক সান্তি ওভালের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, প্রাথমিক লক্ষণ দেখে চোটগুলো গুরুতর মনে হচ্ছে না। তিনজনেরই স্বাস্থ্য পরীক্ষা হবে। পরীক্ষার পরই বোঝা যাবে, পিএসজির বিপক্ষে তাঁদের খেলার সম্ভাবনা কতটা।
গার্সিয়াকে নিয়ে বেশি ভাবনা
ফ্লিকের কোচিং স্টাফকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে গার্সিয়ার চোট। বিরতির সময় মার্তিনের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। খেলার মধ্যে তাঁকে বারবার নিজের উরু চেপে ধরতে দেখা যায়। ম্যাচের একেবারে শেষ দিকে ডান উরুতে ব্যথা অনুভব করেন তিনি। ব্যথা না কমায় মাঠে শুয়ে পড়ে বদলির ইঙ্গিত দেন।
প্রাথমিক ধারণা, চোটটি পেশিতে সামান্য আঘাত। তবে চূড়ান্ত রোগনির্ণয়ের জন্য পরীক্ষার ফলের অপেক্ষায় আছে বার্সেলোনা। সুস্থ হওয়ার সময় খুব কম থাকায় পিএসজি ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
মার্তিন ও কুন্দে
প্রথমার্ধেই সমস্যায় পড়েন মার্তিন। কষ্ট নিয়েই খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বিরতির পর আর মাঠে নামেননি। তাঁর জায়গায় নামেন গার্সিয়া।
ম্যাচ শেষে কিছুটা অস্বস্তি অনুভব করেছেন ফরাসি ডিফেন্ডার কুন্দে। তাঁর চোট নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ ইতিবাচক। বড় কোনো সমস্যার আশঙ্কা নেই বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় পুনর্বাসন ঠিকমতো এগোলে কুন্দে ও মার্তিন দুজনেই প্যারিস সফরের দলে থাকতে পারেন।
শিরোনাম :
পিএসজির বিপক্ষে ম্যাচের আগে বার্সা শিবিরে দুশ্চিন্তা
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১১:২২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- 23
জনপ্রিয় সংবাদ



























