ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।
ফেরত আসাদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন। সূত্র জানায়, ফ্লাইটটির নম্বর পিভিজি ৯৪৪৫।
বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং দিয়েছে। বাড়ি পৌঁছানোর জন্য তাঁদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে চলা ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়। কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।
প্রেক্ষাপট
নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনতে ২০১৭ সালে বাংলাদেশ সরকার ইউরোপের দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি করে। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। এঁদের মধ্যে সবচেয়ে বেশি ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, গত কয়েক বছরে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে সবচেয়ে বেশি মানুষ ফেরত এসেছেন। তিনি জানান, ঝুঁকি নিয়ে কেউ যাতে ইউরোপে না যান, সে জন্য সারা দেশে সচেতনতামূলক কাজ চলছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইউরোপও বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 



















