শিরোনাম :
সিরাজগঞ্জে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লিফলেট বিতরণ
-
মোঃ হোসেন আলী ছোট্ট , সিরাজগঞ্জ - আপডেট সময় ০৬:৪০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- 3
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়েছে। এ সময় চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্যচিত্র ও পরামর্শ তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ পৌর শহরের এম. এ. মতিন বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু নাঈম।
এ সময় সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু নাঈম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, মোটরযান চালক, পরিবহন মালিক, যাত্রী ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে বিভিন্ন তথ্যচিত্র ও প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরা হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখা, সিটবেল্ট ব্যবহার এবং ট্রাফিক আইন ও সংকেত অনুসরণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মাদকাসক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণ স্থান ও বাঁকে ওভারটেকিং থেকে বিরত থাকা এবং অপ্রয়োজনে হর্ন না বাজানোর বিষয়ে সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম ও আল ইমরান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছাঃ মিনা খাতুন, আব্দুল মতিন শেখ প্রমুখ।
এ ছাড়া নিরাপদ সড়ক চাই (নিসচা) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নতুন সিরাজী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল মমিন সরকার, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, আবুল হাসনাত হিটু ও আব্দুস শুকুর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান মন্ডল, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক মনিরা খাতুন, যুব ও ক্রীড়া সম্পাদক রাশিদা খাতুন এবং কার্যকরী সদস্য সেলিম মন্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ


























