দীর্ঘদিনের বিরতির পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে আবারও হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সাফটা চুক্তির আওতায় ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ এবং কন্নড় তারকা ইয়াশের বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ ছবি দুটি দেশে আনার প্রক্রিয়া শুরু করেছেন আমদানিকারকরা।
জানা গেছে, ইতোমধ্যে ‘আওয়ারাপান ২’ আমদানি ও প্রদর্শনের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই ‘টক্সিক’ সিনেমাটির জন্যও আনুষ্ঠানিক আবেদন করা হবে বলে জানা গেছে।
সিনেমা দুটি দেশে আমদানির দায়িত্বে রয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। গত মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানটি সাফটা চুক্তির শর্ত মেনে ‘আওয়ারাপান ২’ আমদানির অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করে।
ভারতে আগামী ১৪ আগস্ট, অর্থাৎ দেশটির স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ‘আওয়ারাপান ২’। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন আমদানিকারকরা। অন্যদিকে মুক্তির আগেই দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া ইয়াশ অভিনীত ‘টক্সিক’ও বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে পুরোদমে। সংশ্লিষ্টদের ভাষ্য, প্রয়োজনীয় অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রণালয়ে আবেদন করা হবে এই সিনেমাটির জন্যও।
এ প্রসঙ্গে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, “‘আওয়ারাপান ২’-এর আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। ‘টক্সিক’-এর আবেদনও শিগগিরই করা হবে। ভবিষ্যতে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমাটিও দেশে আনার ইচ্ছা রয়েছে আমাদের। সব নিয়ম মেনেই কাজ করছি আমরা, অনুমতি পেলে মুক্তিতে কোনো বাধা থাকবে না।”
উল্লেখ্য, এর আগে এই একই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এর মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেলেও বাকি সিনেমাগুলো প্রত্যাশিত সাফল্যের দেখা পায়নি।
সাফটা চুক্তির শর্তানুযায়ী ভারতীয় সিনেমা আমদানির পাশাপাশি বাংলাদেশি সিনেমাও ভারতে রপ্তানির সুযোগ রয়েছে। এ বিষয়ে অনন্য মামুন জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি বাংলাদেশি সিনেমা ভারতে পাঠানো হয়েছে। কোন কোন ছবি সেখানে মুক্তি পাবে, তা যাচাই-বাছাই শেষে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
দেশীয় চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক সময় ছাড়া বছরের অন্যান্য সময়ে নতুন বাংলা সিনেমার সংকটে অনেক প্রেক্ষাগৃহ দর্শক টানতে হিমশিম খায়। ফলে মানসম্মত বিদেশি সিনেমা আমদানির দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ের অনুমোদন মিললে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’-এর হাত ধরে সেই ধারায় নতুন গতি ফিরতে পারে বলে মনে করছেন তারা।
চলমান বার্তা ডেস্ক : 





















