বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী টনি ডায়েস ও প্রিয়া ডায়েস তাঁদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করেছেন এক আন্তরিক ও স্মরণীয় রজতজয়ন্তী অনুষ্ঠান। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে উদ্যাপিত এই আয়োজনে ছিল ভালোবাসা, স্মৃতি আর কৃতজ্ঞতার আবেগঘন মেলবন্ধন।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিবাহবন্ধনে আবদ্ধ হন টনি ও প্রিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতেই তাঁদের বিবাহিত জীবনের ২৫ বছর পূর্ণ হলেও নানা ব্যস্ততার কারণে তখন উদ্যাপন সম্ভব হয়নি। পরে নিউইয়র্কে বিশেষ এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা রজতজয়ন্তী উদ্যাপন করেন। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে টনি ডায়েস দীর্ঘ পথচলার অনুভূতি ভাগ করে নেন।
নিজের বার্তায় টনি লেখেন, তাঁদের ২৫ বছরের সবচেয়ে বড় অর্জন শুধু একটি সম্পর্ক নয়, বরং এমন একটি পরিবার ও বন্ধুদের পরিমণ্ডল, যারা প্রতিটি সুখের মুহূর্তকে আরও অর্থবহ করে তুলেছেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অতিথিদের ভালোবাসা তাঁদের জীবনের এই বিশেষ অধ্যায়কে আরও স্মরণীয় করে রেখেছে।
আরেকটি পোস্টে টনি স্মৃতিচারণা করে বলেন, ক্যামেরার সামনে অসংখ্য গল্প বললেও সবচেয়ে সুন্দর গল্পটি ছিল তাঁদের নিজেদের ভালোবাসার গল্প। সময়ের সঙ্গে দেশ বদলেছে, জীবন বদলেছে; কিন্তু একসঙ্গে কাটানো শুটিং, মহড়া, স্টুডিওর হাসি আর অসংখ্য স্মৃতি আজও একই রকম উজ্জ্বল।
টনির ভাষায়, একটি সম্পর্ক শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; সময়ের সঙ্গে সেটি পরিবার, বন্ধুত্ব ও অসংখ্য ভালোবাসার মানুষের গল্পে পরিণত হয়। তাই ২৫ বছরের এই যাত্রায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০০৮ সালের শেষ দিকে স্ত্রী প্রিয়া ও একমাত্র মেয়ে অহনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান টনি ডায়েস। বর্তমানে নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভিলে বসবাস করছেন এই তারকা দম্পতি। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও ভালোবাসার এই মাইলফলক তাঁরা উদ্যাপন করেছেন আপনজনদের সঙ্গে, যা তাঁদের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
চলমান বার্তা ডেস্ক : 





















