ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফান্দাউক বলভদ্র নদীর সেতুর চরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত বিশাল উপজেলার ফান্দাউক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ২০ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮টার দিকে ওষুধ আনার কথা বলে বিশাল ফান্দাউক বাজারে যান। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রোববার নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
আরও পড়ুন: আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ দ্রুত শেষ হবে: সিনিয়র সচিব
তিনি জানান, সোমবার সকালে স্থানীয়রা ফান্দাউক ব্রিজের চরের পাশে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, বিশাল শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
চলমান বার্তা ডেস্ক : 


























