রাজশাহীর মোহনপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এক নারীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে গুরুতরভাবে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার কৃষ্ণপুর মোড়ের পাশে জমির অংশ দাবি করে দীর্ঘদিন ধরে মেরাজ আলীর সঙ্গে প্রতিপক্ষ আক্কাস আলীর পরিবারের বিরোধ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিবাদমান সম্পত্তিতে সম্প্রতি বাড়ি নির্মাণের কাজ শুরু করে আক্কাস আলী।এসময় মেরাজ তার মা মর্জিনা বেগম, বোন মর্শিদা বেগম ও সহযোগী নাঈম এসে আক্কাস আলীকে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে আক্কাস আলী লোহার রড দিয়ে মর্জিনা বেগমের মাথায় আঘাত করে। এতে মর্জিনা বেগম রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। পুত্র মেরাজ তার মা মর্জিনাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে মর্জিনার কিছু হলে ফেঁসে যাবেন এই ভয়ে আক্কাস আলী অভিনব কৌশল অবলম্বন করেন। তার লোকজন নির্মাণধীন বাড়ির ইটের ওয়াল ভাংচুর, পানি সেচের পাম্প, বেটারী ও পাইপ সহ অন্যান্য জিনিস পত্র পাশের পুকুরে ফেলে দিয়ে মেরাজ ও মর্জিনার নাম দেয়।গ্রামবাসি আক্কাস আলীকে আটক ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, কৃষ্ণপুর গ্রামে মারধোর ঘটনা ঘটেছে, তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ নাসিরউদ্দিন, রাজশাহী জেলা প্রতিনিধি 


























