স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গতকাল শুক্রবার স্বাস্থ্যগত ।কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ফলে আকস্মিকভাবেই রাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব বর্তায় তার ওপর।
এদিকে দায়িত্ব গ্রহণের পরপরই বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পক্ষ থেকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী রোববার সকাল সাড়ে ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন হাফিজ উদ্দিন আহমদ এবং জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বেলা সাড়ে ১২টায় তিনি যাবেন শেরে বাংলা নগরে, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন তিনি।
রাষ্ট্রপতির আকস্মিক পদত্যাগের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ইস্যু নিয়ে ইতিমধ্যেই আলোচনা-সমালোচনা চলছে। এখন সবার নজর, কবে নাগাদ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ কতদিন এই দায়িত্ব পালন করেন, তার দিকে।
আব্দুল্লাহ আল রাহাত (স্টাফ রিপোর্টার 
























