সংসদ ভবনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দীর্ঘ ৩৫ বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ঠিক আগমুহূর্তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকার দলের পক্ষ থেকেও আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়া উচিত।’ এ প্রসঙ্গে আশাবাদ প্রকাশ করে তিনি আরও বলেন, দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা প্রত্যক্ষ করবে এবং এর মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারার নতুন সূচনা হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের গণতান্ত্রিক মতপ্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংবিধান সংশোধন–সংক্রান্ত গঠিত কমিটিতে বিরোধীদলীয় সদস্যরা এখনো যোগ দেননি। তবে ভবিষ্যতে যে সাংবিধানিক সংশোধনী আসবে, তাতে ৭০ অনুচ্ছেদেও পরিবর্তন আসবে বলে তিনি জানান। এ বিষয়ে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সনদে মূলত চারটি বিষয় আলোচনায় এসেছিল, যার মধ্যে দুটি নিয়ে প্রায় সব দল একমত হয়েছে—একটি অর্থবিল এবং অন্যটি আস্থা ভোট–সংক্রান্ত বিধান। আস্থা ভোট প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দেন, অভিশংসনের ক্ষেত্রে সবাই মনে করেন, ৭০ অনুচ্ছেদের আওতায় এই দুটি বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশের সুযোগ থাকবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান সংশোধনসংক্রান্ত বিল এবং যুদ্ধ পরিস্থিতিতে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ থাকবে কি না—এই দুটি বিষয়ে একটি প্রধান বিরোধী দলের পক্ষ থেকে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। ওই দলের অবস্থান হলো, এই দুই ক্ষেত্রেও সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়া উচিত। অন্যদিকে আরেকটি বড় বিরোধী দল সংবিধান সংশোধনের প্রশ্নে দ্বিমত পোষণ করেনি বলে তিনি জানান।
যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের পরিস্থিতিতে জাতীয় স্বার্থের বিষয়টিই স্বাভাবিকভাবে প্রাধান্য পায়, তাই এ বিষয়ে দলীয় সদস্যদের দলের বাইরে গিয়ে ভোট দেওয়া সমীচীন নয় বলে মনে করে সরকার। তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদে সম্মত হওয়া প্রক্রিয়া অনুযায়ী ৭০ অনুচ্ছেদ সংশোধিত হলে, ভবিষ্যতের রাষ্ট্রপতি নির্বাচন সেই সংশোধিত বিধান অনুসারেই অনুষ্ঠিত হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে সংবিধান এখনো সংশোধিত হয়নি, ফলে চলমান নির্বাচন প্রচলিত বিধান মেনেই সম্পন্ন হচ্ছে।
চলমান বার্তা ডেস্ক : 




















