জনপ্রিয় কুইজভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) মঞ্চ সবসময় আনন্দের নয় বলে জানিয়েছেন অনুষ্ঠানের দীর্ঘদিনের সঞ্চালক অমিতাভ বচ্চন। প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের কিছু গল্প তাকে এতটাই আবেগাপ্লুত করে যে, সেসব মুহূর্তে অনুষ্ঠান চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়ে বলে সম্প্রতি নিজের ব্লগে লিখেছেন ৮৩ বছর বয়সী এই বলিউড তারকা।
কেবিসির নিয়ম অনুযায়ী কুইজপর্বের পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন অমিতাভ। এই আলাপচারিতায় উঠে আসে তাদের জীবনের নানা কঠিন ও হৃদয়বিদারক অভিজ্ঞতা। ঘনিষ্ঠ এই যোগাযোগের কারণেই কখনো কখনো প্রতিযোগীদের কষ্টের গল্প তার মনে গভীর দাগ কাটে বলে জানান তিনি।
ব্লগে অমিতাভ লেখেন, কিছু প্রতিযোগী এমন গুরুতর ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে মঞ্চে আসেন যে নিজের আবেগ সামলানো তার জন্য কঠিন হয়ে পড়ে। তবে অনুষ্ঠান ও চ্যানেলের প্রতি পেশাগত দায়বদ্ধতার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। এটি তার জন্য সত্যিই হৃদয়বিদারক অভিজ্ঞতা ছিল বলেও উল্লেখ করেন অমিতাভ, এমনকি সে মুহূর্তে অবসরে যাওয়ার ইচ্ছাও জেগেছিল তার মনে। লেখার শেষে রাতের প্রসঙ্গ টেনে নিজের ক্লান্তির কথাও ইঙ্গিত করেন তিনি।
গত ১০ আগস্ট সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয়েছে কেবিসির ১৭তম আসর। এবারের মৌসুমের মূল বার্তা ‘সোচনা পড়েগা’—অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে। নতুন মৌসুমেও নিয়মিত সঞ্চালকের আসনে রয়েছেন অমিতাভ বচ্চন।
চলমান বার্তা ডেস্ক : 
























